কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাত, দুই ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস আটকে বিক্ষোভ

২৬ জুলাই ২০২৬ - ০০:০৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাত, দুই ঘণ্টা সুন্দরবন এক্সপ্রেস আটকে বিক্ষোভ

কুষ্টিয়ার কোর্ট রেলওয়ে স্টেশনে এক ট্রেন কর্মচারীর বিরুদ্ধে বাবা ও ছেলেকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ যাত্রী এবং স্থানীয় বাসিন্দারা ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রায় দুই ঘণ্টা আটকে রেখে বিক্ষোভ প্রদর্শন করেন। পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থার আশ্বাস প্রদান করা হলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

​শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনায় আহত শফিউল আওয়াল সুমন (৪০) ও তাঁর বাবা আব্দুর রহিমকে (৬৫) উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বিবরণ অনুযায়ী, দুপুর ১২টা ২০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে এসে পৌঁছায়। আহত সুমন জানান, অসুস্থ মা ও বাবাকে নিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশ্যে তাঁরা ট্রেনে উঠতে যাচ্ছিলেন। ওই সময় ট্রেনের দায়িত্বরত এক কর্মচারী তাঁদের বাধা দেন এবং একপর্যায়ে সুমনের মাকে ধাক্কা দিলে তিনি নিচে পড়ে যান। এ নিয়ে বগির ভেতরে বাকবিতণ্ডা শুরু হলে অভিযুক্ত কর্মচারী ধারালো অস্ত্র দিয়ে সুমন ও তাঁর বাবাকে আঘাত করেন। আত্মরক্ষা করতে গিয়ে বাবা-ছেলে উভয়েই হাতে আঘাতপ্রাপ্ত হন।

​ঘটনার পর পর উত্তেজিত জনতা স্টেশনে ট্রেন আটকে বিক্ষোভ শুরু করলে ট্রেনের লোকোমাস্টার ও গার্ড ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

​কর্মকর্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। কুষ্টিয়া কোর্ট রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইতি খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0