বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ৫ জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নিউজডিপি ডেস্ক
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেছে। কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল।
সোমবার (২৯ জুন) সকালে টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম এ সংবাদ নিশ্চিত করেন।
অপহৃত পাঁচ মাঝিমাল্লা উখিয়া-টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
অপহৃতরা হলেন– মাঝি সালাম নুর (৩১), মো. আইয়ুব (৩৭), মো. আজিজুল্লাহ (৩০), সৈয়দ হোসেন (২৫) এবং মো. আইয়ুব (২৪)।
স্থানীয় জেলেরা জানিয়েছেন, রোববার সকালে মাছ ধরার উদ্দেশ্যে টেকনাফের কায়ুকখালী ঘাট থেকে সাবরাং ইউনিয়নের আলীর ডেইল গ্রামের বাসিন্দা আলী আহমদের মালিকানাধীন একটি ট্রলার সাগরে যায়। পরে ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকায় পৌঁছালে আরাকান আর্মির সদস্যরা ট্রলারটিকে ধাওয়া করে আটক করে। এ সময় ট্রলারসহ পাঁচ জেলেকে তারা ধরে নিয়ে যায়। এ সময় আশপাশে থাকা আরও কয়েকটি মাছ ধরার ট্রলার দ্রুত এলাকা ছেড়ে নিরাপদে সরে যেতে সক্ষম হয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘সাগরে মাছ ধরতে যাওয়া একটি ট্রলারসহ পাঁচ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। প্রাথমিকভাবে জেনেছি, তারা সবাই রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











