দেশে পর্যাপ্ত সার আছে, মজুত রোধে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
দেশে পর্যাপ্ত পরিমাণ সারের মজুত রয়েছে উল্লেখ করে অসাধু ব্যবসায়ীদের অবৈধ মজুতের কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। কৃত্রিম সংকট তৈরিকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ও জনসভা উপলক্ষে মাঠের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করতে যান মন্ত্রী।
পরিদর্শনকালে কৃষিমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর সকালে পরশুরামে ১ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ, পারিবারিক সফর ও আত্মীয়দের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ফুলগাজী ডাকবাংলোতে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন তিনি। পরবর্তীতে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
কৃষকদের অধিকার ও বাজার পরিস্থিতি প্রসঙ্গে আমিন উর রশিদ বলেন, কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে, যার ফলে দেশে আর পেঁয়াজ আমদানির প্রয়োজন হবে না বলে তিনি আশা ব্যক্ত করেন। এ ছাড়া বর্তমান সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবুল করিম, পুলিশ সুপার প্রাত্যুষ কুমার মজুমদারসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











