ভারতের তামিলনাড়ুতে কারাগার থেকে ১৭ বন্দির পলায়ন, আটক ৪
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর একটি উপ-কারাগারে অসুস্থতার নাটক করে কারারক্ষীদের ওপর হামলা চালিয়ে ১৭ জন বন্দি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রিপাবলিক ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, কারাগারে বন্দিদের একটি কক্ষের এক ব্যক্তি অসুস্থতার ভান করেন। বিষয়টি খতিয়ে দেখতে কারারক্ষীরা ওই কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ভেতরে থাকা বন্দিরা তাদের ওপর চড়াও হয়। অতর্কিত এই হামলায় থেক্কামপট্টি উপ-কারাগারের দ্বিতীয় গ্রেডের পুলিশ কর্মকর্তা থাঙ্গাপান্ডি মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে দ্রুত জি ভিলান্কু সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় আরও দুই কারারক্ষী সামান্য আহত হন।
সাউথ জোনের পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বিজয়েন্দ্র বিদারি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা চার বন্দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। পলাতক বাকি বন্দিদের ধরতে তামিলনাড়ু পুলিশ ১৭টি বিশেষ দল গঠন করেছে। মাদুরাই, দিন্দিগুল ও ইডুক্কি জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ১৬টি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
দিন্দিগুলের পুলিশ সুপার এস জয়কুমার জানান, থেনি উপ-কারাগার থেকে ১৭ জন বন্দি পালিয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে প্রতিবেশী দিন্দিগুল জেলার ১৬টি স্থানে চেকপোস্ট বসিয়ে প্রতিটি যানবাহন তল্লাশি করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, পলাতক বন্দিদের মধ্যে রয়েছেন লিঙ্গাম, রাজা সিগেন্দার, কারুপ্পাসামী, সিলামবারাসান, তিরুপতি, মেনজিসুন্দরাম, সাবারি, পন মুথু, নিজান্থ, কার্তিক রাজা, মুগিলান, সেলভা, তরুণ, রাজকুমার, প্রবীন, মুথু ইলাঙ্গো এবং রাজুভিন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছবি বিভিন্ন স্থানে প্রচার করেছে। এদের মধ্যে অনেকে ভিলুপ্পুরম জেলার বাসিন্দা হওয়ায় সেখানেও বিশেষ নজরদারি শুরু হয়েছে।
এদিকে কারাগার থেকে বন্দি পালানোর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ডিএমকে রাজ্যসভার সংসদ সদস্য পি উইলসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। এর আগে গত সপ্তাহে উচ্চ নিরাপত্তার পুঝাল কারাগার থেকেও বন্দি পালানোর ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











