লিবিয়া থেকে ফিরেছেন ১৭১ অনিয়মিত বাংলাদেশি, শোনালেন কষ্টের কথা
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটকে থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকারের সহযোগিতায় একটি বিশেষ ফ্লাইটে তাদের সফলভাবে প্রত্যাবাসন করা হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে বুরাক এয়ারের একটি বিমানে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের যৌথ সমন্বয়ে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে ফেরা এসব নাগরিকের বড় অংশই মানবপাচারকারীদের প্ররোচনায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে পৌঁছানোর পর অনেকে স্থানীয় অপরাধী চক্রের হাতে অপহৃত হন এবং ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হন বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।
ভোরে বিমানবন্দর পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা এবং আইওএম-এর ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের স্বাগত জানান। অবৈধ অভিবাসনের ঝুঁকি ও লিবিয়ার করুণ অভিজ্ঞতার বিষয়ে নিজ নিজ এলাকার মানুষকে সচেতন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয়েছে।
এদিকে দেশে ফেরা নাগরিকদের সুবিধার্থে আইওএম-এর পক্ষ থেকে প্রয়োজনীয় পথখরচা, খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং সাময়িক আবাসনের ব্যবস্থা করা হয়েছে। লিবিয়ার বিভিন্ন কেন্দ্রে আটক বাকি বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে যৌথ উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











