চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বাস এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩ ও আহত ১৬

২৪ অক্টোবর ২০২৬ - ০৮:৫৫
প্রকাশিত: ২ ঘন্টা আগে
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা বাস এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩ ও আহত ১৬
ছবি সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গভীর খাদে পড়ে গেলে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন যাত্রী।

​শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ৩টার পর শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে।

​হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বেপরোয়া গতিতে চলা বাসটি একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি এক্সপ্রেসওয়ের সুরক্ষাবেষ্টনী (রেলিং) ভেঙে সার্ভিস লেন পার হয়ে পাশের পানিভর্তি খাদে পড়ে যায়।

​ঘটনার বিবরণ দিয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে আহত ১১ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া সামান্য আহত আরও ৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​দুর্ঘটনায় প্রাণ হারানো ৩ জনের মধ্যে চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জুর (৫৫) পরিচয় নিশ্চিত করা গেছে। বাকি দুই নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​আহত ১৬ জন যাত্রী চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা ও ঢাকা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা হলেন— হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 1
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 2
রাগ রাগ 0