যমুনা ফিউচার পার্কে আজ এক মঞ্চে জেমস ও হাসান, জমজমাট রক কনসার্ট
দেশের সংগীতাঙ্গনের দুই উজ্জ্বল নক্ষত্র জেমস ও হাসান দীর্ঘ বিরতির পর আবারও এক মঞ্চে পারফর্ম করতে যাচ্ছেন। রাজধানীর যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘রক এন রিদম ৫.০: নো লিমিটস ইন দ্য জোন’ শীর্ষক বড় পরিসরের রক কনসার্ট।
অ্যাডভেন্টর কমিউনিকেশনের আয়োজনে এই সংগীত উৎসবে নিজ নিজ ব্যান্ড নগর বাউল ও আর্ক নিয়ে মঞ্চ মাতাবেন জেমস ও হাসান। এছাড়া কনসার্টের অন্যান্য আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। পাশাপাশি পারফর্ম করবেন সংগীতায়োজক অনি হাসান এবং একে রাহুল। আয়োজক কর্তৃপক্ষের প্রত্যাশা, কয়েক প্রজন্মের জনপ্রিয় গানগুলোর লাইভ পরিবেশনা এবং সমকালীন ব্যান্ডগুলোর অভিনব উপস্থাপনা এই কনসার্টকে সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় আয়োজনে রূপ দেবে। নির্দিষ্ট মূল্যের টিকিটের মাধ্যমে দর্শকরা এই কনসার্ট উপভোগ করতে পারবেন।
কনসার্টে অংশগ্রহণকারী ব্যান্ড ও শিল্পীরা জানান, শ্রোতাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগর বাউল ব্যান্ডের ভোকাল জেমস জানান, সতীর্থ ও তরুণ রক তারকাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করার অনুভূতি সবসময়ই দারুণ। অন্যদিকে আর্ক ব্যান্ডের তারকা হাসান বলেন, বাংলা রক গানের প্রতি শ্রোতাদের তৃষ্ণা মেটাতে এমন ধারাবাহিক আয়োজন চালিয়ে যাওয়া প্রয়োজন। কনসার্টের অন্যান্য শিল্পী ও ব্যান্ডের সদস্যরাও এই মতের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
এদিকে ইউরোপ ও অস্ট্রেলিয়া সফর শেষে বর্তমানে দেশজুড়ে বিভিন্ন কনসার্ট ও নতুন গানের কাজে ব্যস্ত সময় পার করছেন জেমস। অন্যদিকে আজকের কনসার্ট শেষ করেই হাসান কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে তিনি বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজিত ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’-এ অংশ নেবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











