আলমডাঙ্গায় জামায়াতের নির্বাচনী কর্মশালা: সৎ ও দায়িত্বশীল জনপ্রতিনিধি হওয়ার আহ্বান
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার সময় আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সামাজিক কাজে সবার আগে নিজেকে এগিয়ে এসে মানুষের পাশে দাঁড়াতে হবে। সমাজের মানুষের কাছে নিজেকে একজন যোগ্য, সৎ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। জনগণের প্রত্যাশা ছিল একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হয়ে বরং দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি ও টেন্ডারবাজির মতো অনিয়ম আরও বেড়েছে। এ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, “বাঘের ভয়ে উঠলাম গাছে, ভূত বলছে পাইছি কাছে।” তিনি প্রার্থীদের জনগণের আস্থা অর্জনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু এবং জেলা আইন ও আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সাবেক আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, তারবিয়াত সম্পাদক বিলাল হোসাইন, শ্রম বিভাগের সভাপতি মেহেদি হাসান, যুব সম্পাদক নাজমুল হক এবং মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠুসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা।
কর্মশালাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











