মডেল ও উপস্থাপক তুলনা আল হারুন মারা গেছেন
দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ, মডেল ও উপস্থাপক তুলনা আল হারুন আর নেই। রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স ও মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই আয়াজ।
পরিবার সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন এই জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা। তার ব্রেন টিউমার থেকে ক্যানসার হয়েছিল। এর আগে তার অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছিল। ওই সময় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলেও সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে তার হার্ট অ্যাটাক হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
পারিবারিক সূত্রে আরও জানা যায়, শনিবার রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের তিন নম্বর রোডে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
তুলনা আল হারুন দীর্ঘদিন ধরে দেশের মিডিয়া ও বিনোদন অঙ্গনে সক্রিয় ছিলেন। মডেলিং এবং টেলিভিশন উপস্থাপনার পাশাপাশি ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবেও তিনি বেশ পরিচিতি লাভ করেছিলেন। শোবিজে তার কাজের মাধ্যমে সহকর্মী ও অগণিত অনুরাগীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন এই গুণী শিল্পী।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











