তথ্য ফাঁসের ঝুঁকিতে মেটার মিউজ এআইয়ের চ্যাট শেয়ারিং সুবিধা স্থগিত

২২ অক্টোবর ২০২৬ - ১৫:০২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তথ্য ফাঁসের ঝুঁকিতে মেটার মিউজ এআইয়ের চ্যাট শেয়ারিং সুবিধা স্থগিত
ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী ‘মিউজ’-এর কথোপকথন বা চ্যাট শেয়ার করার সুবিধা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে এর মূল প্রতিষ্ঠান মেটা। উন্মোচনের মাত্র এক মাসের মাথায় চ্যাট শেয়ারিং লিংকের মাধ্যমে ব্যক্তিগত ও ব্যবসায়িক সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি চিহ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​সাইবার নিরাপত্তা সংস্থা ‘ক্ল্যারোক’-এর গবেষকেরা জানান, পাবলিকেশন ও পাবলিক ডিএনএস (ডোমেইন নেম সিস্টেম) রেকর্ড ব্যবহার করে তারা মিউজের শেয়ার করা ৬ হাজার ৮০০টিরও বেশি চ্যাটের ওয়েব লিংক শনাক্ত করেছেন। মূলত মিউজের চ্যাট শেয়ারিং লিংক তৈরির কাঠামোগত ত্রুটির কারণেই এই নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। ব্যবহারকারীরা কোনো চ্যাট শেয়ার করলে এর শিরোনামের ওপর ভিত্তি করেই ইউআরএল বা ওয়েব ঠিকানা তৈরি হতো, যা পরে পাবলিক ডিএনএস রেকর্ডে সংরক্ষিত হয়ে যেত। ফলে নির্ধারিত ব্যক্তি ছাড়াও অন্য যে কারও পক্ষে সেই লিংকগুলোতে প্রবেশ করা সম্ভব ছিল।

​গবেষকেরা উদ্ধার করা কয়েকশ লিংক বিশ্লেষণ করে একাধিক সংবেদনশীল তথ্যের সন্ধান পেয়েছেন। এর মধ্যে রয়েছে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের ঋণের আবেদনপত্র, কোম্পানির অভ্যন্তরীণ আয় পর্যালোচনার নথিপত্র, ব্যাংক জালিয়াতির সতর্কবার্তা, কর্মীদের ছুটির তালিকা এবং সম্পত্তির গোপনীয় হিসাব-নিকাশ।

​মেটার মুখপাত্র ট্রেসি ক্লেটন বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ল্যারোকের প্রতিবেদন পর্যালোচনা করা হচ্ছে এবং শেয়ারিং লিংক তৈরির প্রক্রিয়াটি আরও নিরাপদ করার লক্ষ্যে ফিচারটি আপাতত স্থগিত করা হয়েছে। গবেষকদের প্রতিবেদনের পর পরীক্ষা করে দেখা গেছে, ২০ অক্টোবরের পর থেকে পুরোনো লিংকগুলো আর কাজ করছে না। তবে ডিএনএস রেকর্ডে আগের শিরোনাম থেকে যাওয়ায় তথ্যের সুরক্ষা নিয়ে এখনো উদ্বেগ রয়ে গেছে।

​বিশেষজ্ঞদের মতে, এ ঘটনাটি এআই টুলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক গোপন তথ্য ব্যবহারের ক্ষেত্রে যে বড় ধরনের ঝুঁকি রয়েছে, তা আবারও স্পষ্ট করল। তাই এ ধরনের সেবা ব্যবহারের পূর্বে এর গোপনীয়তা নীতি ও সুরক্ষাব্যবস্থা সম্পর্কে সচেতন থাকা জরুরি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0