বঙ্গোপসাগরে ঘণীভূত সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

২৪ অক্টোবর ২০২৬ - ১০:৫৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বঙ্গোপসাগরে ঘণীভূত সুস্পষ্ট লঘুচাপ, ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কা
ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড। শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

​সংস্থাটির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও এর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি ঘণীভূত হয়ে আজ সকালে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি ক্রমান্বয়ে শক্তি সঞ্চয় করে আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে নিম্নচাপ, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপ এবং ৪৮ ঘণ্টার মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্র ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সংলগ্ন এলাকায় সাগর ক্রমান্বয়ে উত্তাল হয়ে উঠছে।

​আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় সমুদ্রবন্দরগুলোতে এখনো বিশেষ সতর্ক সংকেত জারি করা হয়নি। তবে যেকোনো সময় হুঁশিয়ারি সংকেত আসার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে (১৫০ কিলোমিটারের বেশি দূরত্বে) না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

​গতিপথ ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানানো হয়, সিস্টেমটি আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টা দক্ষিণ-দক্ষিণপূর্ব দিকে এবং পরবর্তীতে শক্তি বাড়িয়ে মূলত পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি ভারতের পশ্চিম-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে সর্বোচ্চ শক্তি অর্জন করতে পারে। তবে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হলেও এখন পর্যন্ত বাংলাদেশে এর সরাসরি আঘাত হানার কোনো আশঙ্কা নেই। সিস্টেমটি আগামী ২৮ অক্টোবর নাগাদ ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

​এর প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, এর দূরবর্তী প্রভাবে আগামী ২৭ ও ২৮ অক্টোবর থেকে বাংলাদেশে একটি বৃষ্টিবলয় সক্রিয় হতে পারে। এর ফলে ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে বরিশাল, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে এবং চট্টগ্রাম ও সিলেটে তুলনামূলক কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0