১৮তম সামার অ্যাথলেটিকস: ফের দেশের দ্রুততম মানব ইমরানুর ও মানবী শিরিন
কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতায় যথারীতি নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন ইমরানুর রহমান ও শিরিন আক্তার। ১০০ মিটার স্প্রিন্টে নিজ নিজ বিভাগে প্রথম হয়ে আবারও দেশের দ্রুততম মানব ও মানবীর খেতাব অর্জন করেছেন তারা।
শনিবার ২৩ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে ইমরানুর রহমান ১০.৫৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন। এই প্রতিযোগিতায় ১০.৬৭ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট মোহাম্মদ ইসমাইল। অন্যদিকে, ১০.৭৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান দখল করেন সেনাবাহিনীর তারেক রহমান।
নারীদের ১০০ মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে সময় নেন ১২.০৮ সেকেন্ড। এই বিভাগে ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন এবং ১২.৩৩ সেকেন্ডে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
ধারাবাহিক সাফল্য বজায় রেখে শিরিন আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, "আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রথম হতে পেরে খুব ভালো লাগছে।" তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, এই পারফরম্যান্স আগামী সাফ প্রতিযোগিতার প্রস্তুতিতে তাকে বাড়তি অনুপ্রেরণা দেবে।
অন্যদিকে, অ্যাথলেটদের পেশাদার সুযোগ-সুবিধা ও সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন ইমরানুর রহমান। প্রতিযোগিতার আয়োজকদের মতে, অ্যাথলেটদের জন্য মানসম্মত আবাসন, পুষ্টিকর খাবার ও যথাযথ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা গেলে খেলায় অংশগ্রহণের হার বাড়বে এবং নতুন নতুন প্রতিভা উঠে আসার ক্ষেত্র তৈরি হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











