টিকটকের শিশু নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা: সতর্ক করেছিলেন খোদ কর্মীরাই
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার অভিযোগ উঠেছে। প্ল্যাটফর্মটিতে অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষার বিষয়ে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তারা ও কর্মীরা একাধিকবার সতর্ক করলেও তা আমলে নেয়নি কর্তাব্যক্তিরা। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম ‘টেকক্রাঞ্চ’-এর সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে জানানো হয়, টিকটকের কর্মীরা প্ল্যাটফর্মটিতে শিশুদের যৌন শোষণ, আত্মহত্যা এবং অপ্রাপ্তবয়স্কদের ছবি ও ভিডিও অর্থের বিনিময়ে যৌন উদ্দেশ্যে কেনাবেচার মতো গুরুতর ঝুঁকি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। তবে এসব উদ্বেগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিল প্রতিষ্ঠানটি।
এছাড়া, ব্যবহারকারীদের সঠিক বয়স নির্ধারণে নির্দিষ্ট কোনো জরিপ পরিচালনা করেনি টিকটক। আশঙ্কা করা হয়েছিল যে, এমন জরিপ চালানো হলে তার ফলাফল যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)-এর সঙ্গে শেয়ার করতে হতো, যা প্রতিষ্ঠানটি এড়াতে চেয়েছিল।
এদিকে শিশু সুরক্ষায় ঘাটতি এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগ এনে টিকটকসহ মেটা, গুগল ও স্ন্যাপের মতো বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতে শত শত মামলা একত্রিত করে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, শিশু সুরক্ষার বিষয়টি পুরোপুরি অস্বীকার না করে টিকটক জানিয়েছে যে, তারা ট্রাস্ট অ্যান্ড সেফটি খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। পাশাপাশি, অভিভাবকদের জন্য ‘ফ্যামিলি পেয়ারিং’ ফিচার চালুর মাধ্যমে কিশোর বয়সিদের অ্যাকাউন্ট নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











