ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টেস্ট স্কোয়াডে সৌম্য ও খালেদের না থাকার ব্যাখ্যা দিলেন হাবিবুল বাশার
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টের জন্য ঘোষিত বাংলাদেশ জাতীয় দলে জায়গা পাননি অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার খালেদ আহমেদ। তবে দল থেকে তাঁদের বাদ দেওয়ার মূল কারণ ফর্মহীনতা নয়, বরং জাতীয় দলের ডাগআউটে বসিয়ে না রেখে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া। জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন সিদ্ধান্তের নেপথ্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানান, লাল বলের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত ওপেনিং জুটিই একাদশে খেলার সম্ভাবনা বেশি। সে কারণে সৌম্যকে একাদশে পাওয়ার সুযোগ ছিল কম। তিনি বলেন, 'আমরা চেয়েছি সৌম্য স্কোয়াডে কেবল বসে না থেকে প্রথম শ্রেণির ম্যাচ খেলুক। যে কারণে অতিরিক্ত কোনো তৃতীয় ওপেনারও স্কোয়াডে রাখা হয়নি, যাতে খেলোয়াড়েরা প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত ম্যাচ প্র্যাকটিসের মধ্যে থাকার সুযোগ পান।'
অন্যদিকে পেস আক্রমণে তাসকিন আহমেদ চোট কাটিয়ে ফেরায় বাদ পড়তে হয়েছে খালেদ আহমেদকেও। বর্তমানে স্কোয়াডে তাসকিনের পাশাপাশি এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ—এই চার পেসার রয়েছেন। টেস্টের মতো সংস্করণে চারজন পেসারই যথেষ্ট বলে মনে করছেন নির্বাচকেরা।
খালেদের বিষয়ে প্রধান নির্বাচক উল্লেখ করেন, মূল পেসারদের উপস্থিতিতে খালেদের একাদশে খেলার সুযোগ কম থাকত। তাই তাঁকে ডাগআউটে না বসিয়ে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ খেলে নিজেকে প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা সফরসহ সামনের সিরিজগুলোতে দলের চাহিদা অনুযায়ী এই ক্রিকেটারদের আবার বিবেচনা করা হতে পারে বলেও জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











