আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো অবস্থাতেই ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, দেশ ও জনগণের কল্যাণে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে হবে। অতীতে পুলিশ বিভাগ যেভাবে চলেছে, তা থেকে বেরিয়ে এসে বর্তমান নির্বাচিত সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এই বাহিনীকে পরিচালনা করবে। কোনো ব্যক্তি যেন নিজের স্বার্থে এই বাহিনীকে ব্যবহার করতে না পারেন, তা নিশ্চিত করা সরকারের বড় দায়িত্ব।
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) লক্ষ্মীপুর জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ মন্ত্রী আরও উল্লেখ করেন যে, নির্বাচিত সরকারের জনগণের প্রতি জবাবদিহি থাকে। বিগত সরকারের সময়ে সেই জবাবদিহি না থাকায় মনগড়াভাবে সবকিছু পরিচালিত হয়েছে, যার ফলে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ উপকৃত হননি। ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি যত মজবুত হবে, ব্যবসা-বাণিজ্য ও ব্যবসায়ীদের অবস্থানও ততটাই শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।
দেশপ্রেম ও দায়িত্বশীলতার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, কেবল সরকার একা দেশপ্রেমিক হলে চলবে না, বরং দেশের সবার নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। স্বর্ণ ব্যবসার মাধ্যমে অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে, তবে এর জন্য স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত জরুরি।
বাজুসের কেন্দ্রীয় কমিটির সভাপতি এনামুল হক খানের সভাপতিত্বে এবং লক্ষ্মীপুর জেলা বাজুসের চেয়ারম্যান সমীর কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের ভাইস প্রেসিডেন্ট আজাদ আহমেদ, বাজুস ইনস্টিটিউটের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ ও সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











