চলতি সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলার শঙ্কা, জানালেন মার্কিন বিশেষ দূত

২৪ অক্টোবর ২০২৬ - ১০:৪৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
চলতি সপ্তাহান্তেই ইরানে মার্কিন হামলার শঙ্কা, জানালেন মার্কিন বিশেষ দূত
ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ও ইসরায়েলের ক্রমবর্ধমান উত্তেজনার আবহেই মধ্যপ্রাচ্যে নতুন সামরিক সংঘাতের আভাস মিলেছে। মার্কিন বিশেষ দূত টম বারাক এক সাক্ষাৎকারে সতর্ক করে জানিয়েছেন, চলতি সপ্তাহান্তেই ইরানে সামরিক হামলা চালাতে পারে আমেরিকা। ২৩ অক্টোবর শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ এই কূটনীতিক বিষয়টি নিশ্চিত করেন।

​তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক শীর্ষ কর্মকর্তা টম বারাক জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে এখনো প্রস্তুত এবং যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে আলোচনার টেবিলে অবস্থান করছে। তবে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিশ্বের সার্বভৌমত্ব, মার্কিন মিত্র এবং উপসাগরীয় অঞ্চলকে প্রতিনিয়ত হুমকি দেওয়া হলে তার কঠিন পরিণতি ভোগ করতে হবে।

​মার্কিন দূতের এই বক্তব্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থানের চেয়ে ভিন্ন। আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে নেতানিয়াহু ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের ওপর জোর দিলেও টম বারাক জানান, ওয়াশিংটনের লক্ষ্য ক্ষমতা পরিবর্তন (রেজিম চেঞ্জ) করা নয়। কারণ কোনো দেশের সরকার পতনের পর সৃষ্ট পরবর্তী বিশৃঙ্খলা সামলানো অত্যন্ত জটিল প্রক্রিয়া।

​উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইতিপূর্বে আভাস দিয়েছিলেন যে ৩ নভেম্বরের কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন কোনো বড় সামরিক পদক্ষেপ নেওয়া হবে না। তবে বর্তমানে কূটনৈতিক আলোচনা স্থবির হয়ে পড়ায় নির্বাচনের পূর্বেই ইরানে পুনরায় মার্কিন সামরিক অভিযান চালানোর জোরালো সম্ভাবনা দেখা দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0