আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধনে রাষ্ট্রপতি: ‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’

২৩ অক্টোবর ২০২৬ - ১৯:২৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস উদ্বোধনে রাষ্ট্রপতি: ‘সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই’
ছবি সংগৃহীত

তরুণ প্রজন্মকে মাদক, মোবাইল আসক্তি ও হতাশা থেকে মুক্ত রেখে সুস্থ জাতি গঠনে মাঠ ও খেলাধুলার প্রসারের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

​শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে ‘আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আয়োজনের শুরুতেই বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি।

​প্রধান অতিথির ভাষণে রাষ্ট্রপতি বলেন, “অ্যাথলেটিক্সকে ক্রীড়ার জননী বলা হয়। এখানে ক্রীড়াবিদের গতি, শক্তি, ক্ষিপ্রতা, শৃঙ্খলা ও সহনশীলতার প্রকৃত পরীক্ষা হয়। অ্যাথলেটিকসের ভিত্তি মজবুত হলে অন্যান্য খেলাধুলার ক্ষেত্রেও দেশের সক্ষমতা বৃদ্ধি পাবে।”

​খেলাধুলাকে জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করে তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়ানো এবং বিজয়মঞ্চে জাতীয় সংগীত বাজার মুহূর্তটি পুরো জাতির জন্য চরম গর্বের। সেসময় আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশি।

​দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রপতি জানান, তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া খাতকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

​খেলাধুলার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং সুস্বাস্থ্য নিশ্চিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরে রাষ্ট্রপতি উল্লেখ করেন, স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ কর্মসূচি এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা বর্তমানে বাস্তবায়িত হচ্ছে। একই সঙ্গে দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এবং ইতিমধ্যে সে সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। অনতিবিলম্বে অবৈধভাবে দখল হওয়া খেলার মাঠগুলো উদ্ধার ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

​নারী অ্যাথলেটদের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং আর্থিক সংকটে কোনো উদীয়মান প্রতিভা যাতে ঝরে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি স্কুল, কলেজ ও জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার পাশাপাশি পুনরায় আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতা চালুর ওপর জোর দেন। এ ছাড়া বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গকৃত এ প্রতিযোগিতার সফলতা কামনা করে রাষ্ট্রপতি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

​বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।

​এর আগে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৭টি দলের আকর্ষণীয় মার্চ পাস্ট অনুষ্ঠিত হয় এবং উদ্বোধনী থিম সং পরিবেশন করা হয়। গেমসের মশাল প্রজ্জ্বলন করেন সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ ও সুমিতা রানী দাস।

​উদ্বোধনী পর্ব শেষে রাষ্ট্রপ্রধান ১০০ মিটার স্প্রিন্টের পুরুষ ও নারী বিভাগের খেলা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে মেডেল তুলে দেন।

​এর আগে বিকেল ৪টার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্টেডিয়ামে পৌঁছালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালামসহ বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0