সৌদি কারাগারে বন্দি সাড়ে সাত হাজার বাংলাদেশি, ফাঁসির রায়ের অনুলিপি চাইল ঢাকা
সৌদি আরবের বিভিন্ন কারাগারে বিভিন্ন অপরাধ ও অভিযোগে সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে প্রায় সাড়ে সাত হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলায় নিহত বাংলাদেশি কর্মী শাহেদ আহম্মেদের মরদেহ ঢাকায় পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি কর্তৃপক্ষের পাঠানো তালিকা ধরে বিভিন্ন কারাগারে বন্দি বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে দেশটিতে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য ঢাকার হাতে পৌঁছায়নি। এ বিষয়ে দেশটির সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে রায়ের অনুলিপি চেয়ে চিঠি পাঠানো হয়েছে। রায়ের কপি হাতে পেলেই পুরো ঘটনা পরিষ্কার হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রতিটি দেশের নিজস্ব আইনি প্রক্রিয়া থাকলেও কোনো বিদেশি নাগরিকের এমন পরিণতি সম্পর্কে জানার অধিকার সরকারের রয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং প্রধানমন্ত্রীও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এ সময় প্রবাসী শ্রমিকদের ত্যাগের কথা স্মরণ করে শামা ওবায়েদ ইসলাম বলেন, চড়া সুদে ও দালালদের খপ্পরে পড়ে অতিরিক্ত অর্থ খরচ করে প্রবাসীরা বিদেশে যান। কিন্তু এভাবে লাশ হয়ে তাদের দেশে ফেরা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ভবিষ্যতে রোধ করতে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলায় বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের প্লাম্বার শাহেদ আহম্মেদসহ দুই বাংলাদেশি নিহত হন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











