কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত
গাজীপুরের কালীগঞ্জে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেফতার করে থানায় ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) এবং স্থানীয় এক বিএনপি নেতা প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোররাতে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) এবং তুমুলিয়া এলাকার মৃত ওয়াজ উদ্দিন মোল্লার ছেলে ও স্থানীয় ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)। এ ঘটনায় কালীগঞ্জ থানার এসআই জাবেদ ওমর (২৮) এবং পুলিশের গাড়িচালক রাব্বি (২৮) আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তুমুলিয়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আহিদ মিয়াকে গ্রেফতারের উদ্দেশ্যে রাত পৌনে তিনটার দিকে অভিযানে যায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বাধীন একটি পুলিশ দল। নিজ বাড়ি থেকে আহিদকে গ্রেফতার করার পর তারা থানার উদ্দেশ্যে রওনা হন। পথে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে পুলিশ সদস্যরা সড়কের পাশে দাঁড়িয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সঙ্গে কথা বলছিলেন। এ সময় ঘোড়াশালগামী একটি অনিয়ন্ত্রিত কাভার্ডভ্যান তাদেরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
প্রাসঙ্গিক সংবাদ
দুর্ঘটনার খবর পেয়ে সাথে থাকা পুলিশ সদস্যরা আহত চারজনকে রাত চারটার দিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় এসআই মিজানুর রহমান ও এসআই জাবেদ ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে এসআই মিজানুর রহমানের মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনায় আহত এসআই মিজানুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং এসআই জাবেদ ওমর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চাপা দেওয়া কাভার্ডভ্যানটি শনাক্ত করে চালককে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











