জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ: ২০২৭ সালের মধ্যে সমন্বিত আইনের প্রত্যাশা
সড়ক দুর্ঘটনা রোধ, প্রাণহানির মিছিল কমানো এবং যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ করার অঙ্গীকার নিয়ে আজ বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারের দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য হলো—‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’। দেশের সার্বিক অগ্রগতি এবং মানুষের জীবন রক্ষায় সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরতেই এই প্রতিপাদ্য সামনে আনা হয়েছে।
বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের মতে, অতিরিক্ত গতি, চালকদের বেপরোয়া মনোভাব, যানবাহনের ফিটনেস ঘাটতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাই মূলত প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার গ্রাফ উর্ধ্বমুখী করছে। এই পরিস্থিতি মোকাবিলায় কঠোর আইন প্রণয়ন ও তার সঠিক বাস্তবায়নের বিকল্প নেই।
এরই ধারাবাহিকতায় সরকার একটি আধুনিক ও যুগোপযোগী ‘সড়ক নিরাপত্তা আইন, ২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সূত্রে জানা যায়, প্রস্তাবিত এই আইনে দুর্ঘটনার শিকার ব্যক্তিদের অবিলম্বে বিনা মূল্যে জরুরি চিকিৎসা সেবা দেওয়া, যারা আহতদের সাহায্যে এগিয়ে আসবেন তাদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং ট্রাফিক আইন অমান্যকারীদের জন্য ডিমেরিট পয়েন্ট চালুর মতো গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। একই অপরাধ বারবার করলে দ্বিগুণ জরিমানা গুনতে হবে—এমন বিধানও যুক্ত করা হয়েছে নতুন আইনে।
এর আগে গত ১৪ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, আন্তর্জাতিক অঙ্গীকার ও বৈশ্বিক ‘সেফ System অ্যাপ্রোচ’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী ২০২৭ সালের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে।
এদিকে দিবসটি উপলক্ষে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন লন্ডন থেকে পাঠানো এক বাণীতে সব নাগরিককে কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলার এবং দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তিনি নিরাপদ সড়ক গড়তে সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।
অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যানে বিভিন্ন সংস্থার তথ্যে তারতম্য দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রাক্কলন অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৩১ হাজার ৫০০ জনের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। অন্যদিকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বার্ষিক হিসাব অনুযায়ী, বিগত ২০২৫ সালে ৫ হাজার ৪৯০ জন মানুষ সড়কে মারা গেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











