ভারতের বিপক্ষে ফাইনালে নামার আগে নারী হ্যান্ডবল দলের লক্ষ্য ক্ষতে প্রলেপ দেওয়া
লিগ পর্বে বড় ব্যবধানে হারের ক্ষত পেছনে ফেলে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে দলের প্রধান লক্ষ্য ভারতের গতিশীল আক্রমণ ঠেকানো এবং নিজেদের বলের দখল ধরে রাখা।
ফাইনালের আগের দিন দলের অনুশীলনে মূল ফোকাস ছিল ভারতের বিদ্যুৎগতির ফাস্ট ব্র্যাক বা পাল্টা আক্রমণ সামলানোর কৌশল রপ্ত করা। স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া মনে করেন, লিগ ম্যাচে ভারত পুরো ৬০ মিনিট ধরে গতি বজায় রেখেছিল, যা বাংলাদেশ ঠেকাতে ব্যর্থ হয়েছিল। তাই ফাইনালে ভারতের ফাস্ট ব্রেকে যাওয়ার সুযোগ কমানোই হবে দলের প্রধান কৌশল।
প্রতিপক্ষ ভারতকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে স্বীকার করলেও আশাবাদী কোচ আলোনসো। তার বিশ্বাস, মেয়েরা আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিজেদের সেরাটা দিতে পারলে ফাইনালে ভারতের সঙ্গে সমানে সমানে লড়াই করা সম্ভব। তবে এর জন্য আক্রমণভাগে ভুল কমানো এবং পুরো ম্যাচজুড়ে পূর্ণ একাগ্রতা বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে হ্যান্ডবলে এমন প্রতিদ্বন্দ্বিতা টিকিয়ে রাখতে নিয়মিত অনুশীলন ও পর্যাপ্ত আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
দলের খেলোয়াড়দের মধ্যেও একই প্রত্যয় দেখা গেছে। মাসুদা আক্তার জানিয়েছেন, আগের ম্যাচের ভুলগুলো শুধরে তারা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দিতে চান। গোলের ব্যবধান কমাতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে আশাবাদী তিনি। আরেক খেলোয়াড় আছিয়া আক্তারও ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমন্বয়ের ওপর বেশি জোর দিয়েছেন। সব মিলিয়ে ফাইনালের মঞ্চে ভারতের আক্রমণ সামলানো এবং নিজেদের ভুল শুধরে পুরো ৬০ মিনিট ধৈর্য ও মনোযোগ ধরে রাখাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











