প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, দেশজুড়ে বিদায়ের সুর

২১ অক্টোবর ২০২৬ - ১৪:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব, দেশজুড়ে বিদায়ের সুর
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটছে আজ। দশমী পূজার শেষভাগে ঐতিহ্যবাহী সিঁদুর খেলা এবং নানান পর্ব সম্পন্ন করে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বিদায় জানানো হচ্ছে মা দুর্গাকে। এর আগে মহানবমীর তিথিতে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি, আরতি, যজ্ঞ এবং মন্ত্রোচ্চারণে মেতে ছিলেন ভক্তরা।

​সনাতন শাস্ত্র অনুযায়ী, মহানবমীতে নীলকণ্ঠ ফুল, শাপলা, শালুক ও যজ্ঞের মাধ্যমে বিহিত পূজা সম্পন্ন হয়। নবমী পূজার বিশেষ অনুষঙ্গ হিসেবে নীল অপরাজিতা ফুল এবং ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি দিয়ে বিশেষ আহুতি দেওয়া হয়। বিজয়া দশমীতে প্রতিমার হাতে জরা, পান ও শাপলা ডালা নিবেদন করে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

​ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত ধর্মদাস চট্টোপাধ্যায় জানান, বিজয়া দশমীতে 'বিহিত পূজা' এবং পরবর্তীতে 'দর্পণ বিসর্জনের' মাধ্যমেই দুর্গোৎসবের শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

​বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানান, প্রতিবছর দেবীর আগমনে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মন্ত্রোচ্চারণ ও প্রার্থনায় বিশ্বের অশুভ শক্তির বিনাশ এবং কল্যাণ কামনা করা হয়। দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিজয়া দশমীতে শোভাযাত্রা শেষে নদীর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা বিবেচনায় রেখে সন্ধ্যার আগেই বিসর্জন পর্ব শেষ করার আহ্বান জানিয়েছে পূজা উদযাপন পরিষদ। ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হওয়া কেন্দ্রীয় শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদরঘাটে গিয়ে বিসর্জনের মাধ্যমে শেষ হবে।

​বিজয়া দশমী উপলক্ষে পৃথক বাণী দিয়ে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতারাও দুর্গাপূজা উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন।

​উল্লেখ্য, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু হয়েছিল। পরবর্তীতে শুক্রবার মহাষষ্ঠী থেকে শুরু হওয়া ছয় দিনব্যাপী এই আয়োজনের ইতি ঘটছে প্রতিমা বিসর্জনের মাধ্যমে। এবার সারা দেশে সর্বমোট ৩৩ হাজার ৮৫১টি এবং ঢাকা মহানগরে ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে। দুর্গোৎসব উপলক্ষে চলতি বছর সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0