পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর, কৃষকদের পানি হিস্যা আদায়ের আশ্বাস
পদ্মা ও তিস্তা নদীতে ব্যারাজ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
জনসভায় পদ্মার নাব্য ও পানির সংকট উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মার পানির প্রবাহ যে প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হচ্ছে এবং নদীটি যেভাবে শুকিয়ে যাচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এই সংকট নিরসনে দেশের দুটি বড় ও গুরুত্বপূর্ণ নদী—পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর স্বাভাবিক প্রবাহ ও পানির ঘাটতি দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পানির ন্যায্য হিস্যা আদায়ের ওপর জোর দিয়ে তিনি আরও উল্লেখ করেন, যারা পানির সংকট তৈরি করেছে, তাদের সঙ্গে আলোচনা করা হবে। দেশের মানুষের স্বার্থে ও পানির ন্যায্য পাওনা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। নির্ধারিত সময়ের মধ্যেই পদ্মা ও তিস্তা ব্যারাজ নির্মাণের কাজ শুরু ও সম্পন্ন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
কৃষিখাতের অগ্রগতির ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী জানান, দেশে প্রায় চার হাজার আখচাষির জন্য সরকারি প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, যাতে আগামী মৌসুমে তাঁদের দুর্ভোগ কমে। কৃষক বাঁচলে দেশের কৃষি বাঁচবে—এ বিশ্বাস থেকেই সরকার কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। অতীতে সরকার গঠনের পর মাত্র সাত দিনের মধ্যে দেশের ১৩ লাখ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার স্মৃতিও তিনি স্মরণ করিয়ে দেন।
নদী ও খাল পুনরুজ্জীবনে সরকারের নেওয়া পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে মোট ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে গত আট মাসে ইতোমধ্যেই প্রায় ৮০০ কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











