ইয়েমেনের সামরিক প্রশিক্ষণ শিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ৭৩
ইয়েমেনের দক্ষিণ-প্রদেশ শাবওয়ায় সরকারি বাহিনীর এক সামরিক প্রশিক্ষণ শিবিরে বিদ্রোহী সংগঠন হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৭৩ জনে পৌঁছেছে। ভয়াবহ এই হামলায় আহত হয়েছেন দুই শতাধিক মানুষ এবং এখনও অন্তত ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কতৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
শাবওয়া প্রাদেশিক কর্তৃপক্ষের সূত্রে জানা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত সৈন্যদের প্রশিক্ষণ চলাকালে শিবিরটি লক্ষ্য করে পরপর তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথিরা। আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স দ্বারা যাচাই করা প্রত্যক্ষদর্শীদের ধারণকৃত ভিডিওচিত্রে দেখা গেছে, হামলার পর শিবির প্রাঙ্গণে রক্তাক্ত মৃতদেহ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং আহতদের উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসেই ইয়েমেনি সরকারি বাহিনী হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলো পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী কিছু অঞ্চল ইতোমধ্যে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে সরকারি বাহিনী। অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় পাহাড়ি এলাকায় হুথিবিরোধী শক্তির প্রধান নগর ঘাঁটি ‘তাইজ’ এখনও অবরুদ্ধ করে রেখেছে হুথি বিদ্রোহীরা।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সংঘাতের জেরেই ইয়েমেনের এই দীর্ঘস্থায়ী যুদ্ধক্ষেত্র ফের উত্তপ্ত হয়ে উঠেছে। এর আগে সৌদি আরবের রাজধানী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করেও একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











