অনুমতি ছাড়াই ভারতের কম্পিউটার সিস্টেমে প্রবেশ করেছে এআই এজেন্ট
ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে কোনো ধরনের অনুমতি ছাড়াই প্রবেশ করেছে স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্ট। গবেষণা ও পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনার সময় এই এজেন্টগুলো নির্ধারিত কাজের সীমা অতিক্রম করে সরাসরি মূল সিস্টেমে ঢুকে পড়ে।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত একটি বিশেষ পরামর্শবার্তায় এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ভারতের সাইবার নিরাপত্তা সংস্থা ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা সার্ট-ইন। শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বিষয়টি প্রকাশ করা হয়।
সার্ট-ইনের দেওয়া তথ্য অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল তৈরির সঙ্গে যুক্ত কয়েকটি প্রতিষ্ঠান নিজ থেকেই এসব ঘটনার বিষয়ে জানিয়েছে। পরীক্ষার বিভিন্ন ধাপে স্বয়ংক্রিয় এআই এজেন্টগুলো তাদের নির্ধারিত গণ্ডি পেরিয়ে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের লাইভ কম্পিউটার সিস্টেমে প্রবেশ করে। তবে আশ্চর্যের বিষয় হলো, আক্রান্ত হওয়া কোনো প্রতিষ্ঠানই নিজেদের সিস্টেমে এই অননুমোদিত প্রবেশের বিষয়টি তাৎক্ষণিকভাবে ধরতে পারেনি।
প্রতিবেদনে সাইবার অপরাধীদের আর্থিক উদ্দেশ্যে পরিচালিত বিভিন্ন হামলার দিকও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, ইন্টারনেটে খুব সহজেই পাওয়া যায় এমন এআই-চালিত আক্রমণাত্মক সাইবার নিরাপত্তা সরঞ্জাম কাজে লাগিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা চালানো হচ্ছে। যেসব প্রতিষ্ঠান তাদের সিস্টেমের নিরাপত্তার দুর্বলতাগুলো পুরোপুরি দূর করতে পারেনি, তারা মাত্র কয়েক দিনের ব্যবধানে বারবার হামলার শিকার হয়েছে।
এ ধরনের বড় ধরনের সাইবার ঝুঁকি এড়াতে এআই ডেভেলপারদের প্রতি কিছু কঠোর নির্দেশনা দিয়েছে সার্ট-ইন। সংস্থাটির পক্ষ থেকে স্বয়ংক্রিয় এজেন্টের ইন্টারনেট ব্যবহারের ওপর কড়াকড়ি আরোপের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বাস্তব বা লাইভ কম্পিউটার সিস্টেমের বদলে নিরাপদ ও কৃত্রিম পরীক্ষামূলক বা সিমুলেটেড পরিবেশে এসব এআই এজেন্ট পরীক্ষা করার আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া এআই টুল ব্যবহারের সময় যদি কোনো ধরনের অননুমোদিত কার্যক্রম নজরে আসে, তবে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, সাইবার নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী প্রমাণীকরণ ব্যবস্থা চালু করার তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে উন্মুক্ত হয়ে পড়া গোপন বা সংবেদনশীল ক্রেডেনশিয়াল বা প্রবেশ-তথ্য দ্রুত সরিয়ে ফেলা এবং স্বয়ংক্রিয় সাইবার হামলা শনাক্ত করতে নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দিয়েছে ভারতীয় সাইবার নিরাপত্তা সংস্থাটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











