তুরস্কের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিলেন সাবেক তারকা সারগেন ইয়ালচিন
তুরস্ক জাতীয় ফুটবল দলের প্রধান কোচ পদে নিয়োগ পেয়েছেন দেশের সাবেক খ্যাতিমান মিডফিল্ডার সারগেন ইয়ালচিন। ইতালিয়ান কোচ ভিনসেঞ্চো মন্তেল্লার উত্তরসূরি হিসেবে ৫৩ বছর বয়সী এই সাবেক তারকা দলের দায়িত্ব গ্রহণ করলেন।
মঙ্গলবার তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, উয়েফা নেশনস লিগে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় চলতি মাসের শুরুর দিকে মন্তেল্লাকে বরখাস্ত করে তুরস্ক ফুটবল অ্যাসোসিয়েশন। তার বিদায়ের পর এবার দেশটির ডাগআউটের দায়িত্ব নিলেন ইয়ালচিন। বর্তমানে উয়েফা নেশনস লিগের ‘গ্রুপ এ১’-এ টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচে অবস্থান করছে তুরস্ক।
এমন একটি সংকটজনক পরিস্থিতিতে দলের হাল ধরে উচ্ছ্বাস প্রকাশ করে সারগেন ইয়ালচিন বলেন, এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় দলের এই পদে দায়িত্ব পালন করা যেকোনো কোচের জন্যই একটি বড় স্বপ্ন। সবার সম্মিলিত সমর্থনে জাতীয় দলের সঙ্গে আমাদের একটি সফল যাত্রা শুরু হবে বলে আশাবাদী তিনি।
খেলোয়াড়ি জীবনে তুরস্কের জার্সিতে ৩৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ইয়ালচিন কোচিং ক্যারিয়ারেও বেশ সফলতার পরিচয় দিয়েছেন। ২০২০-২১ মৌসুমে দেশটির অন্যতম শীর্ষ ক্লাব বেসিকতাসকে ঘরোয়া ডাবল—সুপার লিগ ও তুর্কি কাপ জিতিয়েছিলেন তিনি। ক্লাবটির ইতিহাসে খেলোয়াড় এবং কোচ—উভয় ভূমিকাতেই লিগ জয়ের বিরল রেকর্ড রয়েছে তার ঝুলিতে। এ ছাড়া তিনি গাজীআন্তেপস্পোর, সিভাস্পোর এবং আন্তালিয়াস্পোরের মতো তুর্কি ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











