যুক্তরাষ্ট্রে আইন লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকিতে বাতিল ৩ লাখের বেশি বিদেশি ভিসা

২০ অক্টোবর ২০২৬ - ২৩:০৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে আইন লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকিতে বাতিল ৩ লাখের বেশি বিদেশি ভিসা
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশি নাগরিকদের ৩ লাখেরও বেশি ভিসা বাতিল করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। দেশটির পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, অতীতে যেকোনো মার্কিন প্রশাসনের তুলনায় এবার রেকর্ড গতিতে এ ভিসা বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

​মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় তথ্যটি নিশ্চিত করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

​পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানান, ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানকালে যেসব বিদেশি নাগরিক দেশটির আইন অমান্য করেছেন, বিভিন্ন প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন কিংবা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত হয়েছেন, তাদের ভিসাই মূলত বাতিল করা হয়েছে।

​টমি পিগট স্পষ্ট ভাষায় বলেন, “যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে অবস্থান করে আইন লঙ্ঘন, প্রতারণা কিংবা আমাদের জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার ক্ষেত্রে বিদেশিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” তিনি আরও সতর্ক করে জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবেন।

​মার্কিন পররাষ্ট্র দপ্তরের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, কেবল গত আগস্ট মাসেই বাতিল হওয়া ভিসার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ছাড়িয়ে যায়। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ১ লাখের বেশি ভিসা বাতিলের খবর প্রকাশ করেছিল দপ্তরটি, যা তৎকালীন সময়ে একটি নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হয়েছিল।

​সংবাদমাধ্যম আল জাজিরা এ বিষয়ে অতিরিক্ত তথ্যের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়েছে।

​অন্যদিকে, নতুন ভিসা ইস্যু করার ক্ষেত্রেও নজিরবিহীন কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। নতুন এ প্রক্রিয়ার আওতায় ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সামগ্রিক নিরাপত্তা যাচাইয়ের পরিধি ব্যাপক পরিমাণে বাড়ানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0