মহাষ্টমীতে লাল-সাদা শাড়িতে পূজামণ্ডপে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরী
শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পূজা চেরী। হিন্দু ধর্মাবলম্বী অন্যান্য মানুষের মতো উৎসবের প্রথম দিন থেকেই তিনি পূজামণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন এবং মায়ের চরণে অঞ্জলি দিচ্ছেন। সম্প্রতি মহাষ্টমীর বিশেষ দিনে লাল-সাদা শাড়িতে দেবীরূপে নতুন ভঙ্গিমায় ক্যামেরাবন্দি হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী।
পবিত্র সপ্তমীতে বনানীর বহুল আলোচিত পূজামণ্ডপ পরিদর্শনের পর, মহাষ্টমীতেও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় একগুচ্ছ ছবি শেয়ার করেন পূজা চেরী। ছবিতে তাকে দেখা যায় ঐতিহ্যবাহী লাল পেড়ে সাদা শাড়িতে, যার ওপর রয়েছে সূক্ষ্ম নকশা। সঙ্গে ছিল হাতভর্তি চুড়ি ও গলার হালকা গহনা। ছবির দৃশ্যপট দেখে ধারণা করা হচ্ছে, তিনি কোনো গ্রামীণ আবহে পারিবারিক মণ্ডপ ও পুকুরপাড়ে আলোকচিত্রে বন্দি হয়েছেন।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে পূজা চেরী লেখেন, "আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা— সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।"
ছবিগুলোতে অভিনেত্রীর সাজপোশাক ও রূপ দেখে অনুরাগী ও নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করেছেন। অনেকে মন্তব্যের ঘরে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন; এক নেটিজেন মন্তব্য করেছেন, "এক দুর্গার সামনে আরেক দুর্গা।"
উল্লেখ্য, পূজা চেরীকে সর্বশেষ কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মাসুদ রানা’ চলচ্চিত্রে বড়পর্দায় দেখা গিয়েছিল। এরপর নতুন কোনো চলচ্চিত্রে কাজের আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও পূজা উদযাপনে ভক্তদের সঙ্গেই আনন্দ ভাগ করে নিচ্ছেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











