ইশরাকদের স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হচ্ছে: হাসনাত আবদুল্লাহ
মাদক নিয়ন্ত্রণসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অকার্যকারিতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে কড়া সমালোচনা করেছেন এনসিপি নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বহীনতার কারণে ইশরাক হোসেনদের বলি হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেন, একজন প্রতিমন্ত্রী হয়েও জনাব ইশরাক হোসেনকে সরাসরি অস্ত্র হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে রাস্তায় নামতে হওয়াটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো যথাযথ ভূমিকা পালন করলে একজন প্রতিমন্ত্রীকে কেন এই ধরনের পদক্ষেপ নিতে হবে—রাষ্ট্রের কাছে সেই জবাব চাওয়া জরুরি বলে তিনি মনে করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, কেবল কোনো প্রতিমন্ত্রীকে পদ থেকে সরিয়ে দেওয়া এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। তিনি প্রধানমন্ত্রীর হাসপাতাল টয়লেট পরিদর্শনের উদাহরণ টেনে বলেন, পরিচ্ছন্নতার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীকে যদি নিজে তা দেখতে হয়, তবে বুঝতে হবে তদারকি ব্যবস্থা ভেঙে পড়েছে। রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের যদি সরাসরি মাঠে নামতে হয়, তবে তা প্রাতিষ্ঠানিক ব্যর্থতারই স্পষ্ট লক্ষণ।
এনসিপির এই নেতা সতর্ক করে দিয়ে বলেন, ব্যক্তি পরিবর্তন করে সাময়িকভাবে সংকট ঢাকা দেওয়া সম্ভব হলেও প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা ছাড়া স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। রাষ্ট্রকে কার্যকর করতে হলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও দায়ীদের জবাবদিহির আওতায় আনা প্রয়োজন। পোস্টের শেষ অংশে তিনি উল্লেখ করেন, সার্বিক পরিস্থিতিতে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার ফল ইশরাক হোসেনদের ভোগ করতে হচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











