সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে পূজামণ্ডপ দর্শনের উদ্দেশ্যে সৈয়দপুর থেকে রংপুর যাওয়ার পথে পাগলাপীরে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় রাস্তার দুই পাশে সমবেত হাজার হাজার মানুষের উদ্দেশে বক্তব্যে তিনি একটি অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ আমাদের সবার। এ দেশকে সুন্দর ও সমৃদ্ধ করে গড়ে তুলতে হলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এটাই হোক আমাদের মূল অঙ্গীকার।”
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। এরপর থেকেই খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ইতিমধ্যে প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। চালু করা হয়েছে ফ্যামিলি কার্ড এবং দ্রুতই 'কৃষক কার্ড' চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতা বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় পণ্ডিত ও নেতাদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। এভাবে সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতায় কাজ চলছে।
মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে দেশের সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছিলেন। তাই দেশ গড়ার কাজেও সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্যে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ার এই যাত্রায় তারা পাশে আছেন কি না। এ সময় সমবেত জনতা হাত উঁচিয়ে তাঁর আহ্বানে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
এর আগে সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে যাত্রা করে ৯টা ৫০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে রংপুরের রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে রাজশাহী ও চট্টগ্রামের পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











