অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা, অস্ত্রোপচারে হারালেন দুই পা

২১ অক্টোবর ২০২৬ - ১৭:৪১
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
অস্ট্রেলিয়ায় নারী এমপিকে গাড়িচাপা দিয়ে হত্যার চেষ্টা, অস্ত্রোপচারে হারালেন দুই পা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিশিষ্ট স্বতন্ত্র আইনপ্রণেতা হেলেন হেইনসের ওপর পরিকল্পিত গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি মেলবোর্নের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জীবন বাঁচাতে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর দুটি পাই কেটে ফেলতে হয়েছে বলে স্বজনেরা জানিয়েছেন।

​ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্ন থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত ওয়াংগারাট্টা শহরে এ ঘটনা ঘটে। গত সোমবার নিজের কার্যালয়ের অদূরে ৬৫ বছর বয়সী এই জনপ্রতিনিধি সড়ক হামলার শিকার হন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত ও স্থিতিশীল।

​হাসপাতালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এমপি হেলেন হেইনসের স্বামী ফিল হেইনস বলেন, চিকিৎসকদের প্রচেষ্টায় এত বড় দুর্ঘটনার পরও হেলেন বেঁচে আছেন—পরিবারের জন্য এটাই এখন সবচেয়ে বড় স্বস্তি। তিনি উল্লেখ করেন, তাঁর স্ত্রীর মন ও মানসিক শক্তি এখনো অটুট রয়েছে।

​ভিক্টোরিয়া পুলিশ প্রাথমিক তদন্ত শেষে নিশ্চিত করেছে, এটি কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা নয়, বরং একটি ‘পরিকল্পিত হামলা’। পুলিশ ইতোমধ্যেই অভিযুক্ত ব্রেন্ডান নুজেন্ট (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতের মুখোমুখি করেছে। নুজেন্টের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালিয়ে গুরুতর শারীরিক ক্ষতিসাধন, ইচ্ছাকৃত আঘাত এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ যুক্ত করা হয়েছে। অস্ট্রেলীয় কেন্দ্রীয় আইনানুযায়ী সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া, প্রাথমিক তদন্তে অভিযুক্তের কাছে গাঁজার গাছ চাষ ও অবৈধ মাদক রাখার প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ধারায়ও মামলা দায়ের করা হয়েছে।

​আদালত সূত্রে জানা গেছে, মেলবোর্নের ওয়াংগারাট্টা নিম্ন আদালতে অভিযুক্ত নুজেন্টকে হাজির করা হলে তিনি জামিন আবেদন করেননি। আগামী ৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন বিচারক।

​দেশটির আইন প্রয়োগকারী সংস্থা পুলিশ কমিশনার মাইক বুশ জানান, হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। তবে হামলাকারীর সম্ভাব্য সরকারবিরোধী উগ্র মনোভাব, সামাজিক যোগাযোগমাধ্যমের কর্মকাণ্ড এবং ব্যক্তিগত মেলামেশার সব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ইতিপূর্বে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযুক্ত ব্যক্তির কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল না বলেও তিনি নিশ্চিত করেন।

​শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশের জন্য পরিচিত অস্ট্রেলিয়ায় আইনপ্রণেতার ওপর এই নৃশংস হামলার ঘটনা রাজনৈতিক সহিংসতা ও জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0