যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের

২১ অক্টোবর ২০২৬ - ১৫:৫২
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালের ডিভি লটারি চালুর নির্দেশ মার্কিন আদালতের
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ২০২৭ সালের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারির স্থগিত থাকা অনলাইন নিবন্ধন কার্যক্রম ফের চালুর আদেশ দিয়েছেন দেশটির একটি ফেডারেল আদালত। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের সময়সূচি প্রকাশ না করায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে এই চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে গ্রিন কার্ড লটারিতে অংশ নিতে অপেক্ষায় থাকা প্রার্থীদের আবেদনের পথ উন্মুক্ত হতে যাচ্ছে।

​আদালতের রায়ের আদেশ অনুযায়ী, আগামী ২৯ অক্টোবরের মধ্যে নিবন্ধনের বিস্তারিত সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে। একই সঙ্গে আগামী ১ নভেম্বরের মধ্যে ডিভি লটারির আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

​ক্যালিফোর্নিয়ার সাদার্ন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জিনসুক ওহতা গত ১৪ অক্টোবর এই নির্দেশনা জারি করেন। আদালত জানান, নিবন্ধন প্রক্রিয়াটি ৩০ দিন পর্যন্ত কার্যকর রাখতে হবে। তবে অংশগ্রহণের সুনির্দিষ্ট শর্তাবলী, চূড়ান্ত সময়সূচি ও নিয়মাবলি জানতে স্টেট ডিপার্টমেন্টের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে।

​আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান ‘রেড ঈগল ল’-এর দায়ের করা এক মামলার সূত্রে এ সিদ্ধান্ত এসেছে। প্রতিষ্ঠানটির দাবি ছিল, নির্দিষ্ট সময়ে নিবন্ধন চালু না করে কর্মসূচিটি আটকে রাখা হয়েছে, যা সম্ভাব্য আবেদনকারী ও আইনি সেবাদাতা সংস্থার জন্য ক্ষতির কারণ। মামলায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও পররাষ্ট্র দপ্তরকে বিবাদী করা হয়। সরকারি পক্ষ থেকে আইনি জটিলতার অজুহাত দেওয়া হলেও বিচারক তা নাকচ করে দিয়ে লটারি চালুর নির্দেশ দেন।

​উল্লেখ্য, ডাইভারসিটি ভিসা বা ডিভি লটারির মাধ্যমে প্রতিবছর কম অভিবাসী পাঠানো দেশগুলোর যোগ্য প্রার্থীদের সর্বোচ্চ ৫৫ হাজার স্থায়ী বসবাসের ভিসা দেওয়া হয়। এতে অংশগ্রহণের জন্য মার্কিন কোনো প্রতিষ্ঠানের চাকরির অফার বা স্পন্সরশিপ প্রয়োজন হয় না। তবে এতে বিজয়ী হলেই সরাসরি গ্রিন কার্ড নিশ্চিত হয় না; এর জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য নিরাপত্তা ও অভিবাসন শর্ত পূরণ করতে হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0