যুক্তরাষ্ট্রের আধিপত্যের কাছে ইরান কখনোই নতি স্বীকার করবে না: আব্বাস আরাগচি

২১ অক্টোবর ২০২৬ - ১৭:৩৭
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের আধিপত্যের কাছে ইরান কখনোই নতি স্বীকার করবে না: আব্বাস আরাগচি
ছবি সংগৃহীত

ওয়াশিংটনের আধিপত্য ও ক্ষমতার কাছে ইরান কখনো নতি স্বীকার বা আত্মসমর্পণ করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলমান থাকলেও, কূটনৈতিক সমাধান বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে তাদের দেওয়া প্রতিশ্রুতি পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

​মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইরাকি সংবাদমাধ্যম ‘আল-আখবারিয়া’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তেহরানভিত্তিক মেহের নিউজ এজেন্সি আরাগচির এই বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেছে।

​সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, মূলত ইরানের ইসলামী শাসনব্যবস্থা এবং মার্কিন আধিপত্য মেনে না নেওয়াই দুদেশের বিরোধের প্রধান কারণ। পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধ সৃষ্টি মূলত একটি অজুহাত মাত্র। ওয়াশিংটন এমন কোনো স্বাধীন অবস্থান বরদাস্ত করতে চায় না, যা তাদের ক্ষমতার বিরোধিতা করে।

​আলোচনা ও বিশ্বস্ততা প্রসঙ্গে চরম অবিশ্বাসের কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে ওয়াশিংটনের সঙ্গে তিন দফায় আলোচনায় বসেছে তেহরান। তবে প্রতিবারই আলোচনার ফাঁকে কিংবা শেষে ইরানের ওপর আক্রমণ চালানো হয়েছে। এ প্রসঙ্গে তিনি সাম্প্রতিক সময়ে এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত মার্কিন ও ইসরায়েলি হামলার উদাহরণ টেনে আনেন। এছাড়া গত বছরের জুনে পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রই লঙ্ঘন করেছে বলে তিনি অভিযোগ করেন।

​তবে বর্তমান সংকট নিরসনে এবং কূটনৈতিক পথ সচল রাখতে ইরান সাত দিনের একটি নতুন পরিকল্পনা প্রস্তাব করেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ থাকলেও প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষে তা খুলে দেওয়া হতে পারে।

​আরাগচি জানান, নতুন প্রস্তাব অনুযায়ী ওয়াশিংটনকে প্রথমে ইসলামাবাদ সমঝোতার শর্তাবলি মেনে চলতে হবে। এরপর হরমুজ প্রণালির নিরাপদ চলাচল সংক্রান্ত নতুন সমঝোতায় পৌঁছাতে পারলে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আনুষ্ঠানিক বৈঠক শুরু হতে পারে। পুরো কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য এখন মূলত যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও প্রতিশ্রুতি রক্ষার ওপর নির্ভর করছে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0