হরমুজ প্রণালিতে কুয়েতি তেল ট্যাংকারে হামলা, নিরাপদে ২১ ভারতীয় নাবিক
মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরের অতিগুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি কুয়েতি পতাকাবাহী তেল ট্যাংকার ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার শিকার হয়েছে। ‘এমটি আল দাসমা’ নামের এই জাহাজে মোট ২১ জন ভারতীয় নাবিক অবস্থান করছিলেন। তবে ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং নাবিকরা সুরক্ষিত রয়েছেন।
যুক্তরাজ্যের সামরিক সামুদ্রিক নজরদারি সংস্থা ‘ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)-এর তথ্যমতে, গত বুধবার (২১ অক্টোবর) ওমানের বুখা থেকে প্রায় ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে প্রণালিটি অতিক্রম করার সময় জাহাজটিতে একটি ‘অজ্ঞাত প্রজেক্টাইল’ আঘাত হানে।
কুয়েতি সংবাদমাধ্যম ‘টাইমস কুয়েত’-এর প্রতিবেদনে বলা হয়, হামলার সঙ্গে সঙ্গেই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে নাবিকদের দ্রুত ও সাহসী পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বর্তমানে জাহাজটি ঘটনাস্থলেই অবস্থান করছে এবং ক্রু সদস্যরা নিরাপদে আছেন।
ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিষয়টি নিশ্চিত করে জানান, জাহাজে থাকা ২১ জন ভারতীয় ক্রুসহ সব সদস্য সম্পূর্ণ নিরাপদ আছেন।
উল্লেখ্য, লোহিত সাগর ও পারস্য উপসাগর এলাকায় বাণিজ্যিক জাহাজে সাম্প্রতিক ধারাবাহিক হামলা বিশ্বজুড়ে নৌ চলাচলে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











