ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত, কঠোর হুঁশিয়ারি প্রবোওয়ের

২৩ অক্টোবর ২০২৬ - ০৭:১৫
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত, কঠোর হুঁশিয়ারি প্রবোওয়ের
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বিভিন্ন অঞ্চলে বন ও ভূমিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। আগুনের কারণে সৃষ্ট ধোঁয়ায় দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ৩৩ হাজার ৪৭০ জন মানুষ শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

​স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবেশগত স্বাস্থ্য বিভাগের পরিচালক থান সুয়ান্তি জানান, দাবানলের ধোঁয়ার প্রভাবে প্রতিদিনই নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছেন। গত বুধবারও নতুন করে ৪ হাজার ৫২২ জন আক্রান্ত হয়েছেন। সর্বশেষ বায়ুমান সূচক অনুযায়ী, ইন্দোনেশিয়ার বেশ কিছু অঞ্চলের বাতাসের মান অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানত ছয়টি প্রদেশে বিশেষ নজরদারি ও তৎপরতা চালানো হচ্ছে। প্রদেশগুলো হলো—রিয়াউ, জাম্বি, দক্ষিণ সুমাত্রা, পশ্চিম কালিমান্তান, দক্ষিণ কালিমান্তান এবং মধ্য কালিমান্তান।

​বিশেষজ্ঞদের মতে, দাবানলের ধোঁয়া থেকে অতি সূক্ষ্ম ধূলিকণা (পিএম২.৫), কার্বন মনোক্সাইড এবং নাইট্রোজেন ডাই-অক্সাইডের মতো মারাত্মক ক্ষতিকর উপাদান বাতাসে মিশে যায়। এসব উপাদানের সংস্পর্শে এলে শ্বাসতন্ত্রের সংক্রমণ, হাঁপানি, দীর্ঘমেয়াদি ফুসফুসের রোগসহ চোখ ও ত্বকে বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিতে পারে।

​এদিকে বারবার দাবানল সৃষ্টির পেছনে বিদেশি কোম্পানিগুলোর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জোরালো মন্তব্য করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। বৃহস্পতিবার তিনি বলেন, অনেক বহুজাতিক ও বিদেশি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন ও ভূমি ব্যবহারের অনুমতি নিয়ে কাজ করলেও বারবার নিয়ম লঙ্ঘন করে আসছে। কোনো কোনো কোম্পানি তিন থেকে ১২ বার এবং কিছু প্রতিষ্ঠান ১৯ বার পর্যন্ত আইন অমান্য করেছে।

​প্রেসিডেন্ট প্রবোও স্পষ্ট করে জানান, যেসব কোম্পানি দুবারের বেশি নিয়ম ভাঙবে, তাদের ব্যবসায়িক অনুমতি বা লাইসেন্স অবিলম্বে বাতিল করা উচিত। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের লাইসেন্স কেড়ে নেওয়া হবে এবং পরবর্তীতে ওই সব জমি ব্যবস্থাপনার দায়িত্ব তরুণ ইন্দোনেশীয়দের হাতে তুলে দেওয়া হতে পারে।

​অন্যদিকে, পূর্ব কালিমান্তান প্রদেশের রাজধানী সামারিন্দায় ভয়াবহ দাবানলের পরিস্থিতিকে 'জাতীয় দুর্যোগ' হিসেবে ঘোষণার দাবিতে শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভ করেছেন। উল্লেখ্য, চলতি বছর ইন্দোনেশিয়ায় দীর্ঘস্থায়ী শুষ্ক আবহাওয়া এবং এল নিনোর প্রভাবে দাবানল ছড়িয়ে পড়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0