এশিয়ার দিকে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’, বাতিল দুই শতাধিক ফ্লাইট
প্রবল শক্তি সঞ্চয় করে এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ানের দিকে এগিয়ে আসছে সুপার টাইফুন ‘চাম্পি’। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি বেগে বয়ে চলা এই শক্তিশালী ঘূর্ণিঝড়টি তাইওয়ানের উত্তর-পূর্ব দিক দিয়ে অতিক্রম করে চীনের উপকূলের দিকে মোড় নিতে পারে এবং পরবর্তীতে দক্ষিণ জাপানের দিকে অগ্রসর হওয়ার আশঙ্কা রয়েছে। চলতি বছর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঘাত হানা অন্যতম শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ইতোমধ্যেই সংশ্লিষ্ট অঞ্চলে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার পরিকল্পনাতেও পরিবর্তন আনতে হয়েছে।
ব্রিটিশ বার্তা সংস্থার প্রতিবেদন এবং তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া কর্তৃপক্ষের (সিডব্লিউএ) তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে তাইওয়ানের দক্ষিণ প্রান্ত থেকে প্রায় ৫২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে। এর তীব্রতা কিছুটা কমলেও কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ এখনো ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি। পাশাপাশি ঝড়ের ব্যাসার্ধ বেড়ে প্রায় ৩২০ কিলোমিটারে দাঁড়িয়েছে, যা তাইওয়ানের অধিকাংশ এলাকা ঢেকে ফেলার জন্য যথেষ্ট। আবহাওয়াবিদদের ধারণা, এই ঝড়ের প্রভাব অন্তত দুই দিন স্থায়ী হতে পারে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় শহরগুলোতে মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং ৬ মিটারের বেশি উঁচু ঢেউ সৃষ্টির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এছাড়া রাজধানী তাইপেসহ উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় ১ মিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











