মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের শক্ত ঘাঁটিতেও জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, হিসাব পরিবর্তনের পূর্বাভাস

২২ অক্টোবর ২০২৬ - ১৬:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের শক্ত ঘাঁটিতেও জরিপে এগিয়ে ডেমোক্র্যাটরা, হিসাব পরিবর্তনের পূর্বাভাস
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা-কল্পনা। সাম্প্রতিক জনমত জরিপগুলোতে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির ইতিবাচক অবস্থানের সংকেত মিলছে। বিশেষ করে রিপাবলিকানদের ঐতিহ্যগত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাট প্রার্থীরা তুলনামূলক সুবিধাজনক অবস্থায় রয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, অতীত নির্বাচনের অভিজ্ঞতা অনুযায়ী জরিপের পরিসংখ্যানে ত্রুটি বা বিচ্যুতি থাকলে ভোটের চূড়ান্ত ফলাফল সম্পূর্ণ ভিন্ন হতে পারে।

​সাময়িকী 'দ্য ইকোনমিস্ট'-এর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ নির্দেশ করে, যেসব অঙ্গরাজ্যে সাধারণত রিপাবলিকান পার্টির আধিপত্য বেশি, সেসব অঞ্চলে জরিপের ফলাফলেও তাদের আসল সমর্থনের চেয়ে কম দেখানোর একটি ধারা পরিলক্ষিত হয়। যদি আসন্ন নির্বাচনেও একই ধরণের জনমত ও জরিপের ফারাক ঘটে, তবে মার্কিন উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নেওয়ার দৌড়ে ক্ষমতার সমীকরণ উল্টে যেতে পারে।

​জরিপের উপাত্ত অনুযায়ী, ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প যেসকল অঙ্গরাজ্যে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন, সেগুলোর কয়েকটিতে এবার ডেমোক্র্যাটিক পার্টির সিনেট প্রার্থীরা এগিয়ে গেছেন। বিশেষ করে টেক্সাস, ওহাইও ও আলাস্কার মতো অঙ্গরাজ্যগুলোতে ডেমোক্র্যাট প্রার্থীরা ভালো অবস্থানে রয়েছেন, অথচ ২০২৪ সালের নির্বাচনে এসব অঞ্চলে ট্রাম্প দুই অঙ্কের (ডাবল ডিজিট) বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছিলেন।

​অন্যদিকে, আইওয়া ও কানসাস অঙ্গরাজ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। ২০২৪ সালে এ দুটি অঙ্গরাজ্যে যথাক্রমে ১৩ ও ১৬ শতাংশ পয়েন্টের বিশাল ব্যবধানে ট্রাম্প জয়ী হন। এছাড়া নেব্রাস্কা ও সাউথ ক্যারোলাইনাতেও রিপাবলিকানদের এগিয়ে থাকার ব্যবধান অনেকটাই সংকীর্ণ হয়ে এসেছে; যেখানে তাদের এগিয়ে থাকার মাত্রা বর্তমানে প্রায় ১ থেকে ২ শতাংশ পয়েন্ট মাত্র।

​তবে ডেমোক্র্যাটদের নিজেদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কের চিত্র কিছুটা ভিন্ন। এসব অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির গভর্নর পদপ্রার্থীদের জনসমর্থনের দৃশ্যমান কোনো বড় অগ্রগতি হয়নি। ফলে জনমতের এই বড় ধরনের পরিবর্তন কি কেবল রিপাবলিকান-শাসিত অঙ্গরাজ্যগুলোতেই সীমাবদ্ধ, নাকি জাতীয় রাজনীতিতে কোনো নতুন সমীকরণ তৈরি হচ্ছে—তা নিয়ে বিশ্লেষকদের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0