শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, প্রাইজমানি ১০ লাখ টাকা

২২ অক্টোবর ২০২৬ - ১৪:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
শুরু হচ্ছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, প্রাইজমানি ১০ লাখ টাকা
ছবি: সংগৃহীত

দেশের শাটলারদের নিয়ে আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে ‘৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৬’। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ছয় দিনব্যাপী এই টুর্নামেন্ট চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

​এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ৮৮টি দলের ৬১৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। এর মধ্যে ৫৩৫ জন পুরুষ এবং ৮১ জন নারী শাটলার রয়েছেন।

​এর আগে টুর্নামেন্টের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান জানান, নতুন প্রতিভা অন্বেষণ, উদীয়মান খেলোয়াড়দের সুযোগ তৈরি এবং জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টনের মান আরও উন্নত করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।

​মোট ১০ লাখ টাকার প্রাইজমানি রয়েছে এই টুর্নামেন্টে। এর মধ্যে পুরুষ এককের চ্যাম্পিয়ন ১ লাখ ৪০ হাজার টাকা এবং রানার আপ ১ লাখ টাকা পাবেন। নারী এককের চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ টাকা ও রানার আপ পাবেন ৬০ হাজার টাকা। এছাড়া পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়নদের জন্য ১ লাখ ৪০ হাজার ও রানার্স আপদের জন্য ১ লাখ টাকা, নারী দ্বৈতে চ্যাম্পিয়নদের জন্য ১ লাখ ও রানার্স আপদের জন্য ৬০ হাজার টাকা এবং মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়নদের জন্য ১ লাখ ও রানার্স আপদের জন্য ৬০ হাজার টাকা প্রাইজমানি নির্ধারিত রয়েছে। পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে থাকছে একটি ইলেকট্রিক মোটরসাইকেল।

​এদিকে ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় গত আসরের পুরুষ এককের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের খন্দকার আবদুস সোয়াদ এবার অংশ নিচ্ছেন না। তবে রানার আপ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমা টুর্নামেন্টে লড়বেন। এছাড়া নারী এককে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনীর নাসিমা খাতুন ও রানার আপ উর্মি আক্তারসহ দেশের শীর্ষ স্থানীয় খেলোয়াড়েরা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0