প্রেসক্রিপশনের নিয়ম ভেঙে দুই ম্যাচ নিষিদ্ধ অজি পেসার মেগান শাট
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে আলো ছড়ানোর পর মাঠের বাইরের এক ঘটনায় শাস্তির মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার তারকা নারী পেসার মেগান শাট। প্রেসক্রিপশনের ওষুধ ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম বা শর্ত ভঙ্গের অভিযোগে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
বৃহস্পতিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে অজি ক্রিকেট বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিনের নির্ধারিত নির্দেশিকা ও শর্ত লঙ্ঘন করেছেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া স্পষ্ট করে জানিয়েছে, ঘটনাটি প্রতিযোগিতার বাইরে কেবল একবারই ঘটেছে এবং এর পেছনে মাঠের পারফরম্যান্স বাড়ানোর মতো কোনো উদ্দেশ্য ছিল না।
অস্ট্রেলিয়ার বোর্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, মেগান শাটকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তাদের কাছ থেকে প্রত্যাশিত পেশাদার আচরণ ও দায়িত্বশীলতার বিষয়টিও পুনর্ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।
শাস্তি মেনে নিয়ে নিজের ভুল স্বীকার করেছেন মেগান শাট। তিনি জানান, অজি ক্রিকেটের কাঙ্ক্ষিত মান বজায় রাখতে না পেরে তিনি গভীরভাবে দুঃখিত এবং ক্রিকেট বোর্ডের দেওয়া সিদ্ধান্ত পুরোপুরি মেনে নিচ্ছেন।
এই নিষেধাজ্ঞার ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মিস করবেন শাট। এ ছাড়া চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া উইমেন’স বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে উদ্বোধনী ম্যাচেও মাঠে নামতে পারবেন না এই পেসার।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ার হয়ে এ পর্যন্ত ১১৪টি ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নেমেছেন মেগান শাট। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











