সৌদিতে আরামকো শোধনাগার ও বিমানবন্দরে ড্রোন হামলা: নিহত ৩, কূটনৈতিক কর্মীদের দেশ ত্যাগের নির্দেশ আমেরিকার

২২ অক্টোবর ২০২৬ - ১৬:১০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সৌদিতে আরামকো শোধনাগার ও বিমানবন্দরে ড্রোন হামলা: নিহত ৩, কূটনৈতিক কর্মীদের দেশ ত্যাগের নির্দেশ আমেরিকার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের আরামকো নিয়ন্ত্রাধীন শাইবাহ তেল শোধনাগার এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ড্রোন হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সৌদি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এবং দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (গাকা) এসব তথ্য নিশ্চিত করেছে।

​সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার শাইবাহ তেলক্ষেত্রের একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে আসা একটি ড্রোন প্রতিহত করে সৌদি সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত ও অন্তত দুইজন আহত হন। নিহত ব্যক্তিরা ফিলিপাইন ও নেপালের নাগরিক। অন্যদিকে আহতদের মধ্যে ভারতের ও পাকিস্তানের নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

​একই দিন সন্ধ্যায় দেশটির দাম্মামে অবস্থিত কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক আরেকটি ড্রোনের আঘাতে একজন নিহত এবং আটজন আহত হন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এ হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেনি।

​সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত জোরদার হওয়ার পর থেকেই সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দর লক্ষ্য করে ড্রোনের হামলা বেড়েছে। এর আগে গত সপ্তাহে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ ও ১০ অক্টোবরের হামলাতেও বেশ কয়েকজন হতাহতের খবর নিশ্চিত করে কর্তৃপক্ষ।

​নিরাপত্তা পরিস্থিতির অবনতির পর বুধবার সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনৈতিক মিশনের জরুরি বহির্ভূত কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির কর্মকর্তারা জানান, মধ্যপ্রাচ্যের অন্যান্য মার্কিন মিশন থেকেও ঝুঁকি এড়াতে পরিবারগুলোকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0