পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ বিশ্ববাজারে তেলের দাম, দাম বাড়ল ৩%
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা তীব্র আকার ধারণ করায় এবং জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনা ঘটায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক লাফে তিন শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে বিশ্ববাজারে গত পাঁচ মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ স্তরে গিয়ে পৌঁছেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
বিশ্লেষকদের আশঙ্কা, বর্তমান সংঘাত ও অস্থিরতা সহজে কমার কোনো লক্ষণ নেই, যার ফলে সামনের দিনগুলোতেও জ্বালানি তেলের বাজার চড়া থাকতে পারে। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩.৩৫ ডলার বা ৩.০৮ শতাংশ বেড়ে ১১২.১৭ ডলারে উঠেছে, যা গত ১৮ মের পর থেকে সর্বোচ্চ। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৯.৮৩ ডলারে দাঁড়িয়েছে।
পিভিএম অয়েলের বিশ্লেষক তামাস ভার্গা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে উত্তেজনা হ্রাসের কূটনৈতিক প্রচেষ্টাগুলো কার্যকারিতা হারাচ্ছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা এবং সৌদি আরবের তেল স্থাপনা ও দাম্মাম বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে সৌদিতে অবস্থানরত মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে, হরমুজ প্রণালি দিয়ে মার্কিন সহায়তায় জাহাজ চলাচলের ওপর কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











