তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: প্রাণহানি বেড়ে ১৮, ধসে পড়েছে তিন শতাধিক বাড়িঘর
চীনের স্বশাসিত অঞ্চল তিব্বতে ৭.০ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৮ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৩৩ মিনিটে শক্তিশালী এই ভূকম্পনে কেঁপে ওঠে বিস্তীর্ণ পার্বত্য এলাকা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তিব্বতের নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। যা তিব্বতের রাজধানী লাসা থেকে আনুমানিক ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, দুর্যোগে এখন পর্যন্ত ৪৬ জন আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ভূমিকম্পের তীব্রতায় অন্তত ৩৩৯টি বসতবাড়ি ধসে পড়েছে। ধসে পড়া কাঠামোর নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে দ্রুত তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ইতোমধ্যেই দুর্যোগকবলিত এলাকায় তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ভূকম্পনের মুহূর্তে আতঙ্কের দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে; যেখানে দেখা যায় রেস্তোরাঁ ও ভবন থেকে আতঙ্কিত বাসিন্দারা দ্রুত রাস্তায় বেরিয়ে আসছেন এবং দোকানপাটের তাক থেকে পণ্য নিচে ভেঙে পড়ছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জানুয়ারি মাসে তিব্বতের তিংশি কাউন্টিতে ৬.৮ মাত্রার এক মর্মান্তিক ভূমিকম্পে অন্তত ১২৬ জনের প্রাণহানি ঘটেছিল। এছাড়া সাম্প্রতিক সময়ে নেপাল-তিব্বত সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের রেশ কাটতে না কাটতেই এই নতুন দুর্যোগ নেমে এলো।
একই রাতে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানায়, ভারতীয় সময় রাত ৮টা ২৯ মিনিটে চীনে ৫.২ মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার। এটি ভারতের অরুণাচল প্রদেশের পাঙ্গিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে আঘাত হেনেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











