হুথি হামলা জোরালো হওয়ায় সৌদি ছাড়ার নির্দেশ মার্কিন কূটনীতিক ও স্বজনদের
সৌদি আরবে হুথি বিদ্রোহীদের ড্রোন ও বিমানবন্দর হামলায় অন্তত ৩ জন নিহত এবং ৮ জন আহত হওয়ার ঘটনার পর দেশটিতে অবস্থানরত নিজেদের কিছু কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে অবস্থানরত আরও একাধিক মার্কিন মিশন থেকেও কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের বেসামরিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর প্রেক্ষাপটে মার্কিন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আপাতত সৌদি আরবে দায়িত্ব পালনরত ‘জরুরি নন এমন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের’ সে দেশ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
টমি পিগট আরও উল্লেখ করেন, ইরান-সমর্থিত হুথিরা সম্প্রতি বেসামরিক বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্য করে তাদের শত্রুভাবাপন্ন তৎপরতা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিয়েছে। এসব হামলার কারণে সাধারণ মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটছে, যা বিমান চলাচলেও মারাত্মক বিশৃঙ্খলা ও বিঘ্ন সৃষ্টি করছে।
এদিকে রয়টার্সকে দেওয়া বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা আভাস দিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য মার্কিন কূটনৈতিক মিশন থেকেও কর্মকর্তাদের পরিবারকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। তবে সৌদি আরবের বাইরের মিশনগুলোতে কৌশলগত কোনও পরিবর্তনের বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি মার্কিন মুখপাত্র পিগট।
মার্কিন সরকারের নির্দেশনার পরপরই সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় অন্তত একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এর আগে একই দিনে সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, তেল কোম্পানি ‘সৌদি অরামকো’র শাইবাহ তৈলক্ষেত্রের একটি স্থাপনায় হামলার চেষ্টাকালে একটি ড্রোন গুলি করে ধ্বংস করে সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে খসে পড়লে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











