দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম ফের কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৪ হাজার টাকা
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বিশ্ববাজার ও স্থানীয় পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
আজ শুক্রবার সকালে প্রকাশিত বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে। এর আগে গত ২২ অক্টোবরও স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছিল।
সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা খরচ করতে হবে।
পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দামও হ্রাস পেয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৯৯ টাকা কমিয়ে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা করা হয়েছে।
বাজুস জানিয়েছে, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ভ্যাট যুক্ত রয়েছে। তবে ক্রেতাদের গহনা ক্রয়ের সময় ডিজাইন ও কারুকাজ অনুযায়ী আলাদা মজুরি পরিশোধ করতে হবে।
স্বর্ণের পাশাপাশি সব ধরনের রুপার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩২৬ টাকা কমিয়ে ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











