ইউরোপের তিন দেশ থেকে ফেরত এলেন ৩৫ বাংলাদেশি নাগরিক
ইউরোপের তিন দেশ থেকে ৩৫ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
ইমিগ্রেশন পুলিশ ও বিমানবন্দর সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল সোয়া ৮টায় একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে (পিভিজি ৯৪৪৫) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে পৌঁছানোর পর খালি হাতে ফিরে আসা এসব প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়িয়েছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। চরম সংকটে পড়া এসব মানুষকে জরুরি খাদ্য ও ত্রাণসহায়তা, মানসিক কাউন্সেলিং এবং নিরাপদে বাড়ি ফেরার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সিভিল এভিয়েশন সিকিউরিটি ও প্রবাসী কল্যাণ ডেস্কের যৌথ সহযোগিতায় এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা কর্মসূচি পরিদর্শন করেন।
ফেরত আসা ব্যক্তিদের ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে পরিচালিত ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় এই সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে তাদের পেশাগত প্রশিক্ষণ ও কাউন্সেলিং শেষে অর্থনৈতিক সহায়তা প্রদান করা হবে।
ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান জানান, গত কয়েক বছরে ইউরোপ থেকে ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি, গ্রিস ও জার্মানি থেকে আসা মানুষের সংখ্যা বেশি। বিমানবন্দরে তাদের জরুরি সহায়তা ও কাউন্সেলিং দেওয়ার পাশাপাশি নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য পরবর্তীতে অর্থনৈতিক সহায়তাও দেওয়া হয়।
তিনি আরও বলেন, ঝুঁকি নিয়ে অবৈধভাবে যেন কেউ ইউরোপে না যান, সে জন্য দেশজুড়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ইউরোপীয় দেশগুলো বৈধ উপায়ে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।
উল্লেখ্য, ইউরোপ থেকে অনিয়মিতভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফিরিয়ে আনার বিষয়ে ২০১৭ সালে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি) চুক্তি করে বাংলাদেশ সরকার। এই চুক্তির আওতায় এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন, যার মধ্যে সাইপ্রাস, ইতালি, রোমানিয়া ও ফ্রান্স থেকে ফেরা মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











