যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মঞ্চ মাতাতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘এশিয়ান ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো’। এই জমকালো আয়োজনে পারফর্ম করার জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। তার এই অংশগ্রহণের খবরে ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
প্রিয় তারকাকে সামনে থেকে দেখা এবং তার পরিবেশনা উপভোগ করার জন্য মুখিয়ে আছেন স্থানীয় প্রবাসী বাঙালিরা। আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর দুদিন ধরে চলা এই উৎসবটি ঘিরে আমেরিকার প্রবাসী সমাজে আনন্দের আমেজ তৈরি হয়েছে। এশিয়ার বিভিন্ন দেশের নামী তারকা শিল্পীদের মিলনমেলায় এবারই প্রথম আন্তর্জাতিক কোনো বড় মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান। এই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং বাংলা চলচ্চিত্রের বেশ কিছু জনপ্রিয় ও সুপারহিট গানে নেচে দর্শকদের মাতিয়ে তুলবেন।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো এবং নতুন কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। তার সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে কামাল হোসেন বাবর পরিচালিত ‘ভায়োলেন্স’ সিনেমা, যেখানে তিনি কানাডার একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসের শেষের দিকে এই চলচ্চিত্রের শুটিং শুরু হয়। এ ছাড়া চলতি বছরের আগস্ট মাসে বড় পরিসরের মিউজিক ভিডিও ‘শিকারি’-তে মডেল হিসেবে কাজ করে নতুন আলোচনায় আসেন তিনি। দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটানোর পাশাপাশি দেশটির বিভিন্ন শহরে রোবট নাচ ও মঞ্চ পরিবেশনার মাধ্যমে নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন এই চিত্রনায়ক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











