শুটিং জটিলতায় তানজিন তিশার চলচ্চিত্র অভিষেকের অপেক্ষা আরও দীর্ঘ
ছোট পর্দার অভিনয় ও মডেলিং দিয়ে দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন তানজিন তিশা। ওয়েব চলচ্চিত্র ও সিরিজে কাজ করে প্রশংসা কুড়ানোর পর ভক্তদের অপেক্ষা ছিল তাঁর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেকের। সে অপেক্ষার অবসান ঘটাতে গত বছর শুরু হয়েছিল ‘সোলজার’ সিনেমার কাজ। তবে সিনেমাটির কাজ থমকে যাওয়ায় রূপালি পর্দায় তানজিন তিশার অভিষেক নিয়ে আবার অনিশ্চয়তা দেখা দিয়েছে।
‘সোলজার’ চলচ্চিত্রে তিশার বিপরীতে রয়েছেন ঢালিউডের মেগাতারকা শাকিব খান। জমকালো আয়োজনে এই স্বপ্নের প্রকল্পের ঘোষণা এলেও মাঝপথে সিনেমাটির শুটিং স্থগিত হয়ে যায়। এর মধ্যে শাকিব খানের পরবর্তী দুটি সিনেমা—‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ ও ‘রকস্টার’-এর শুটিং শুরু ও মুক্তি প্রক্রিয়া এগিয়ে গেলেও আটকে থাকে ‘সোলজার’।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিনেমাটির বাকি অংশের শুটিং শেষ করতে আনুমানিক ৯ থেকে ১০ দিনের শিডিউল প্রয়োজন। কিন্তু এই সময়সূচি মেলাতেই তৈরি হয়েছে প্রধান জটিলতা। অন্যদিকে, শাকিব খান শিগগিরই ‘নিঃস্ব’ ও ‘মহব্বত’ নামের দুটি নতুন চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন। নতুন প্রজেক্টের ব্যস্ততার ফাঁকে ‘সোলজার’-এর জন্য আলাদা সময় দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে সিনেমাটির কাজ শেষ হওয়া ও মুক্তির তারিখ নিয়ে ধোঁয়াশা কাটেনি।
বড় পর্দার অভিষেক ঝুলে থাকলেও থেমে নেই তানজিন তিশা। ছোট পর্দায় আবারও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী, সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর বেশ কিছু নতুন নাটক।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











