চীনের প্রথম এআই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তি, বক্স অফিসে শুরুতেই শীতল প্রতিক্রিয়া
প্রযুক্তির অগ্রযাত্রায় নতুন এক অধ্যায় রচনা করলেও বড় পর্দায় আত্মপ্রকাশেই বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে চীন। শুক্রবার (২৩ অক্টোবর) দেশটিতে মুক্তি পেয়েছে সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সানশিংদুই: ফিউচার পাস্ট’। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে ছবিটিকে দর্শক খরায় পড়তে দেখা গেছে।
টিকিট বুকিং প্ল্যাটফর্ম ‘মাওয়েন’-এর তথ্য অনুযায়ী, মুক্তির দিন এই সিনেমার জন্য ১০ হাজারেরও বেশি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সাধারণ দর্শকদের মধ্যে ছবিটির প্রতি কাঙ্ক্ষিত উন্মাদনা লক্ষ্য করা যায়নি। মুক্তির দিন সকাল পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করে মাত্র ৮০ হাজার ইউয়ান বা প্রায় ১১ হাজার ৯৮০ ডলার আয় হয়েছে। ছবিটির টিকিট মূল্য ২০ থেকে ৯০ ইউয়ান নির্ধারণ করা হলেও মোটে কয়েক হাজার টিকিট বিক্রি হয়েছে।
সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ‘বোনা ফিল্ম গ্রুপ’-এর প্রধান নির্বাহী জিয়াং ডেফু এক সাক্ষাৎকারে দর্শকদের এই শীতল প্রতিক্রিয়া পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এটিকে নতুন কোনো দিগন্ত উন্মোচনের সাহসী ও ঝুঁকিপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি।
এ বিষয়ে জিয়াং ডেফু বলেন, ‘আমরাই প্রথম এই উদ্যোগ গ্রহণ করেছি, প্রেক্ষাগৃহে মুক্তির সরকারি অনুমতি পেয়েছি এবং প্রথমবার দর্শকের মূল্যায়নের মুখোমুখি হয়েছি। আমার মনে হয়, এই যাত্রাপথটি কোনোভাবেই সহজ ছিল না।’
প্রযোজনা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রায় ১০০ জন কর্মীর দীর্ঘ দুই বছরের বেশি সময়ের শ্রম এবং ১ কোটি ইউয়ান বা প্রায় ১৫ লাখ ডলারের বেশি ব্যয়ে নির্মিত হয়েছে এই পূর্ণদৈর্ঘ্য এআই সিনেমাটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











