আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের নতুন প্রধান কোচ কাইরন পোলার্ড
আইপিএল ২০২৭ মৌসুমকে সামনে রেখে মুম্বাই ইন্ডিয়ানসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফ্র্যাঞ্চাইজির সাবেক তারকা অলরাউন্ডার কাইরন পোলার্ড। ২০২৩ সালের আসরের আগে খেলোয়াড় হিসেবে পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর পর গত চার বছর ধরে দলটির ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে মাহেলা জয়াবর্ধনের সম্পর্কচ্ছেদের পর তার স্থলাভিষিক্ত হলেন পোলার্ড।
২০১০ সালের আসরের আগে প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে চুক্তিবদ্ধ হন পোলার্ড। এরপর থেকে দীর্ঘ সময় ধরে এই ফ্র্যাঞ্চাইজি এবং এর সহযোগী দলগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন এই ক্যারিবীয় তারকা। খেলোয়াড় হিসেবে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালের আইপিএল শিরোপা জয়ের পাশাপাশি ২০১১ ও ২০১৩ সালের দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (সিএলটি২০) জয়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি। আইপিএলে ১৮৯টি ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান সংগ্রহের পাশাপাশি ৬৯টি উইকেট শিকার করেছেন পোলার্ড। ২০২২ সালে নিজের শেষ আইপিএল খেলার পর তিনি ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেন এবং এবার তাকে প্রধান কোচের দায়িত্বে উন্নীত করা হলো।
প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় পোলার্ড জানান, মুম্বাই ইন্ডিয়ানসের মতো দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়া অত্যন্ত সম্মানের। তার জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। দল, খেলোয়াড় ও সমর্থকদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীর। খেলোয়াড় ও কোচ হিসেবে দীর্ঘ যাত্রার সুবাদে মুম্বাই ইন্ডিয়ানসের ঐতিহ্য এবং নীল ও সোনালি জার্সি গায়ে জড়ানোর গুরুত্ব তিনি ভালোভাবে অনুধাবন করেন। খেলোয়াড় ও সহায়ক স্টাফদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে দলের ধারাবাহিক সাফল্য বজায় রাখা এবং সমর্থকদের আরও অনেক সাফল্য উপহার দেওয়ার জন্য তিনি মুখিয়ে আছেন।
এদিকে পোলার্ডের নিয়োগ প্রসঙ্গে দলের মালিক নীতা আম্বানি বলেন, মাত্র ২২ বছর বয়সে তরুণ পোলার্ড মুম্বাই ইন্ডিয়ানস পরিবারে যোগ দিয়েছিল এবং গত ষোলো বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এবং কোচ হিসেবেও নিজের অভিজ্ঞতা ও খেলার গভীর বোঝাপড়া দলের সঙ্গে ভাগ করে চলেছে। পোলার্ডের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি আশা প্রকাশ করেন যে, নতুন এই দায়িত্বেও তিনি দলের ঐতিহ্য ও সফলতার ধারা বজায় রাখবেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











