সিসিলিতে পরপর ১২ বার ভূকম্পন: ইতালির উপকূলজুড়ে সুনামি সতর্কতা, শিক্ষাপ্রতিষ্ঠান খালি
ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চল সিসিলি দ্বীপের কাছাকাছি এলাকায় একের পর এক ভূকম্পন অনুভূত হওয়ার পর ইতালি জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির কতৃপক্ষ। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে সিসিলির কাছে সর্বোচ্চ ৫.৭ মাত্রার ভূকম্পনসহ মোট ১২টি ভূমিকম্প রেকর্ড করা হয়।
পরিস্থিতি বিবেচনায় এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে দেশটির পালার্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার এবং সমুদ্রতীরবর্তী অঞ্চলে চলাচলে সচেতন হওয়ার নির্দেশ দিয়ে ‘কমলা স্তরের’ সুনামি সতর্কতা জারি করে প্রশাসন।
ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে বাইরে বেরিয়ে আসে এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ভবন খালি করে নিরাপদ স্থানে অবস্থান নেন। দ্বীপটির পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালত ভবন এবং সিসিলি ও ইতালির মূল ভূখণ্ডের মধ্যবর্তী লিপারি দ্বীপের বিভিন্ন পৌরসভা কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান খালি করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যম অনুযায়ী, এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিসিলির উত্তর উপকূলের পালার্মো শহর থেকে প্রায় ৬০ মাইলেরও কম দূরত্বে। বর্তমানে পালার্মো শহরের জনসংখ্যা প্রায় ৬ লাখ ৪৮ হাজার ২৬০ জন। কেবল পালার্মো নয়, পাত্তি, লিকাটা, কাপো দ্যোরলান্দো এবং কাম্পোফেলিচে দি রোক্কেলা শহরের বাসিন্দারাও শক্তিশালী এই কম্পন অনুভব করেছেন। এর মধ্যে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে লিকাটা শহরের দূরত্ব প্রায় ১৮০ কিলোমিটার।
কর্মকর্তারা জানান, মোট ১২টি ভূকম্পনের মধ্যে বাকি ১১টির মাত্রাই ছিল ৩-এর উপরে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলি দ্বীপের উত্তরে ১০ কিলোমিটার গভীরে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি রেকর্ড করা হয়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











